কেশবপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
যশোরের কেশবপুরে গত বৃহস্পতিবার রাতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। এ সময় একটি ফাঁকা গুলি ছোড়া হয়েছে। একজনের বাড়িও ভাঙচুর করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় আবু শারাফ সাদেক মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া বাজার থেকে নেতা-কর্মীরা নছিমনে করে মাহফিলে যোগ দেন। থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ এবং পৌর বিএনপির সভাপতি ও কেশবপুর পৌরসভার মেয়র আবদুস সামাদ বিশ্বাস পক্ষের কর্মীরা প্রতিযোগিতা করে নছিমনে করে কর্মী-সমর্থকদের ইফতার মাহফিলে নিয়ে আসেন। এ নিয়ে সামাদপক্ষের আবদুল জলিল ও আজাদপক্ষের ইয়াসিনের মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে চিংড়া বাজারে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ রাত একটা পর্যন্ত চলে। এ সময় গোলাম মোস্তফা নামের চিংড়া বিএনপির এক নেতার বাড়িতে অপর পক্ষের কর্মীরা হামলা চালিয়ে বাড়িঘর ভেঙে দেন। মোস্তফার বাবা আরশাদ আলী মোড়ল লাইসেন্স করা বন্দুক দিয়ে একটি ফাঁকা গুলি ছোড়েন। তার পরও সংঘর্ষ চলতে থাকে। চিংড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা সংঘর্ষ থামাতে না পারায় কেশবপুর থেকে পুলিশ গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি শান্ত করে।