কেশবপুরে বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার সই জাল করে বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে ফল জালিয়াতি চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা শাহাজাহান আলী গত রোববার রাতে তাঁর বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ মে বিদ্যানন্দকাটি ইউপিতে পরচক্রা টিবিএইচ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির মনোনীত প্রার্থী খলিলুর রহমান ৮১৪ ভোট পান। অন্যদিকে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আমজাদ হোসেন পান ৭২৪ ভোট। নির্বাচন শেষে প্রিসাইডিং কর্মকর্তা এজেন্টদের স্বাক্ষরিত ফলাফলের কপি তাঁদের সবাইকে দেন। কিন্তু গত ২ জুন খলিলুর রহমান রিটার্নিং কর্মকর্তার কাছে ওই কেন্দ্রের ফলাফলের একটি কপি জমা দেন, যাতে তাঁর ভোট দেখানো হয় ৮২৪ আর আমজাদ হোসেনের ৭১৪। তবে এজেন্টের স্বাক্ষরবিহীন ওই কপি বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। উল্লেখ্য, বিদ্যানন্দকাটি ইউপিতে খলিলুর রহমান নয় ভোটের ব্যবধানে পরাজিত হন।
এ ব্যাপারে খলিলুর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘মামলা হয়েছে শুনেছি। তবে মামলার কাগজ হাতে পাইনি।’