কেশবপুরে বৃষ্টি হলেই জলাবদ্ধতা
সামান্য বৃষ্টি হলেই যশোরের কেশবপুর উপজেলা শহরের হাসপাতাল সড়কে জলাবদ্ধতা তৈরি হয়।
এই সড়কের পাশে উপজেলা পরিষদ কার্যালয়, স্বাস্থ্য কমপ্লেক্স, পোস্ট অফিস, পশু হাসপাতাল, সরকারি খাদ্যগুদাম, আটটি ক্লিনিকসহ অনেক প্রতিষ্ঠান রয়েছে। জলাবদ্ধতার কারণে এসব কার্যালয়ে যাতায়াতকারী মানুষসহ শহরের অসংখ্য মানুষ নাকাল।
ওই সড়কের পাশের দোকান ‘ভাই ভাই ইলেকট্রিক’র মালিক রুহুল কুদ্দুস বলেন, ‘সব সময় বৃষ্টি-আতঙ্কে থাকি। বৃষ্টি হলেই দোকানে পানি ঢোকে। এ কারণে সারা দিন বেচাকেনা বন্ধ রাখতে হয়। পৌর কর্তৃপক্ষ সমস্যা নিরসনে কিছুই করছে না।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শহরের ত্রিমোহিনী মোড় থেকে হাসপাতাল পর্যন্ত সড়কের জলাবদ্ধতা নিরসনে ১৯৯৮ সালে নালা তৈরি করা হয়। ময়লা-আবর্জনায় ভরাট হয়ে তিন বছর ধরে ওই নালা এ এলাকার ব্যবসায়ীদের জন্য অভিশাপে পরিণত হয়েছে। রাস্তার ময়লা পানি ব্যবসাপ্রতিষ্ঠনে ঢুকে যায়। বিশেষ করে বর্ষা মৌসুমের তিন মাস তাঁদের কষ্টের সীমা থাকে না। এ বছর বৃষ্টিপাত বেশি হওয়ায় পাঁচ মাস ধরে তাঁদের ভোগান্তির শেষ নেই।
গত সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টা থেকে প্রায় এক ঘণ্টা বৃষ্টির পর সরেজমিনে ওই সড়কের দুই পাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মালিক-কর্মচারীদের ভোগান্তির চিত্র দেখা গেছে। বৃষ্টির পানি রাস্তায় ঢেউ খেলছে। ভারী যান যাওয়ার পরে ঢেউয়ের ঝাপটায় পানি দোকানে ঢুকে মালামাল ভিজে যাচ্ছে। রাস্তায় যাতায়াতকারী মানুষ কাদা-পানির কারণে দুর্ভোগে পড়েছে।
এখানকার ব্যবসায়ী আজাহারুল ইসলাম বলেন, ‘একটু বৃষ্টি হলেই আমি যেমন ঘর থেকে বের হতে পারি না, তেমনি ক্রেতারাও এখানে আসতে চান না। এ সমস্যা পৌর কর্তৃপক্ষকে জানিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না। কয়েকজন ব্যবসায়ী জানান, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিশেষ করে এখানকার ক্লিনিকগুলোর বর্জ্যে নালা ভরাট হয়ে গেছে। এতে পানিনিষ্কাশন ব্যাহত হচ্ছে এবং দূষিত হচ্ছে পরিবেশ। আতিয়ার রহমান নামের এক পথচারী বলেন, ‘বৃষ্টির পর হাসপাতাল থেকে ত্রিমোহিনী মোড় পর্যন্ত আসতে আমার এক ঘণ্টা সময় লাগল। কারণ, বৃষ্টির পরে জলাবদ্ধতার কারণে এই সড়কে আসহনীয় যানজট সৃষ্টি হয়।’
ওই এলাকার বাসিন্দা ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মশিয়ার রহমান বলেন, প্রায়ই নালা পরিষ্কার করা হয়। মানুষ সচেতনতার অভাবে নালার মধ্যে আবর্জনা ফেলার কারণে নালা বন্ধ হয়ে গেলে এ সমস্যা প্রকট হয়। পৌর মেয়র আবদুস সামাদ বিশ্বাস বলেন, ‘ওই সড়কের কিছু অংশে নালা নেই। তাই কিছু পানি জমে থাকে। সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে। আমরা তাঁদের লিখিতভাবে বিষয়টি জানিয়েছি। যদি তারা ওই অংশে নালা না করে, তাহলে আমরা নালা নির্মাণ করে এ সমস্যার সমাধান করব।’
সওজ যশোরের উপসহকারী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, ‘রাস্তাটি আমাদের হলেও নালা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌরসভার।’