কেশবপুরে বোরো চাষ করে লোকসানে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে বোরো চাষ করে লোকসানের মুখে পড়েছেন কৃষক। ধান বিক্রি করে তাঁরা উৎপাদন খরচও পাচ্ছেন না।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৯৩৬ হেক্টর। চাষ হয়েছে ১৫ হাজার ৮৪০ হেক্টর জমিতে।
কেশবপুর ধান হাটে গত বুধবার ধান বিক্রি হয়েছে ৬৫০ টাকা থেকে ৬৮০ টাকা মণ দরে। অথচ এক মাস আগে পুরোনো ২৮ জাতের ধান বিক্রি হয়েছে ৭৫০ টাকা মণ দরে।
উপজেলার লক্ষ্মীনাথকাটি গ্রামের কৃষক আবদুল জলিল আড়াই বিঘা জমিতে ধান লাগিয়েছেন। এক বিঘা জমিতে ২৫ মণ ধান হয়েছে। তিনি জানান, এক বিঘা জমিতে ধান উৎপাদন করতে ১৮ হাজার টাকা ব্যয় হয়। এখন বাজারে ৬৮০ টাকায় ধান বিক্রি করলে ১৭ হাজার টাকা পাওয়া যাবে। তাতে তাঁর মণ প্রতি এক হাজার টাকা লোকসান হবে।
বর্গা চাষিরা পড়েছেন আরও বিপাকে। কারণ সব খরচ মিটিয়ে জমির মালিককে তিন ভাগের এক ভাগ ধান দিতে হয়। বুধবার হাটে ধান বিক্রি করতে এসে দেউলী গ্রামের কৃষক আনছার আলী সানা জানান, ৪০০-৫০০ টাকা করে শ্রমিকদেরই দিতে হয়। ৮০০ টাকা দরে ধান বিক্রি করতে পারলে কিছু লাভ হতো।
হাটে ধান বিক্রি করতে আসা জালাল উদ্দীন বলেন ‘লোকসান এরে ধান বেচে গেলাম। সামনের বার আর ধান লাগানোর নুছ (ইচ্ছা) থাকবেনে না।’
কেশবপুর বাজারের ধান ব্যবসায়ী কামরুজ্জমান বিশ্বাস প্রথম আলোকে বলেন, ভারত থেকে চাল আমদানি হওয়ায় ধানের দাম কমে গেছে।
এদিকে অনেক কৃষক ধারদেনা করে ধান চাষ করেছেন। কম দামে ধান বিক্রি করে কী করে ঋণ পরিশোধ করবেন, তা ভেবে পাচ্ছেন না। তার ওপর এ বছর বৈশাখ মাসে কয়েকবার কালবৈশাখীর তাণ্ডবে ধান ভিজে নষ্ট হয়ে যাওয়ায় কৃষকের লোকসানের মাত্রা অনেক বেড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সময় কুমার দাস প্রথম আলোকে বলেন, ৮৮০ টাকা দরে ধান বিক্রি করতে পারলে কৃষক লাভবান হতেন। এভাবে লোকসান দিলে সামনের বছর কৃষক ধান উৎপাদন করতে নিরুৎসাহিত হতে পারেন।