কেশবপুরে বোমা হামলায় নারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামে গত শনিবার রাতে বোমা হামলায় সবুরন নেসা (৫০) নামের এক নারী আহত হয়েছেন। এ ব্যাপারে সবুরনের ছেলে নূর ইসলাম গতকাল রোববার কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার তাঁদের একটি হাস হারালে তাঁরা প্রতিবেশী শরিফা বেগম এবং তাঁর মেয়ে আফরোজাকে দায়ী করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কয়েক দফা ঝগড়া হয়। গত শনিবার রাত আটটার দিকে শরিফা বেগমের দুই জামাই কড়িয়াখালী গ্রামের হোসেন আলী ও মনিরামপুর উপজেলার ত্রিপুরাপুর গ্রামের আবদুল হান্নান ১৫-২০ জন লোক নিয়ে তাঁদের ওপর হামলা চালাতে আসেন। এ সময় তাঁরা পালিয়ে গেলে হামলাকারীরা তাঁদের রান্নাঘর ও গোয়ালঘরে আগুন ধরিয়ে দিয়ে চলে যান। ঘটনার পরপরই গ্রামবাসী আগুন নিভিয়ে ফেলে।এরপর সবুরন ও তাঁর পরিবারের লোকজন বাড়ি ফিরে আসেন। রাত ১০টার দিকে সবুরন প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে হান্নান ও হোসেন তাঁকে লক্ষ্য করে দুটি বোমা ছুড়ে মারেন। একটি বোমার বিস্ফোরণে সবুরনের দুই পা ঝলসে যায়। রাতেই তাঁকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্য বোমাটি উদ্ধার করেছে। এ ব্যাপারে বক্তব্য জানতে এলাকায় গিয়ে অভিযুক্ত হোসেন ও হান্নানকে পাওয়া যায়নি।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, লিখিত অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।