কেশবপুরে ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর পৌরসভার নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হলেও এর পরে ভোটকেন্দ্র দখল ও ব্যালট ছিনতাই এবং জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। ব্যালট ছিনতাইয়ের ঘটনায় দুটি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক বন্ধ থাকলেও পরে ভোট গ্রহণ করা হয়। বিএনপির মেয়র প্রার্থী আবদুস সামাদ বিশ্বাস ১০টি কেন্দ্রের মধ্যে আটটিই আওয়ামী লীগের প্রার্থীর লোকজন দখল করে জাল ভোট দিয়েছেন বলে অভিযোগ করেন।
গতকাল বুধবার সরেজমিনে, সাবদিয়া ফ্রি ব্যাপটিস্ট চার্চ স্কুল, বাজিতপুর কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায়, একটি বুথে ছেঁড়া ব্যালট ছড়ানো-ছিটানো রয়েছে। এখানে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনের উটপাখি মার্কার ব্যালট ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী মনোয়ার হোসেন বলেন, ‘এখানে আমার ভোট বেশি বলে হঠাৎ জাকিরের কর্মীরা ব্যালট ছিনতাই করেছে।’ তবে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, এ অভিযোগ ভিত্তিহীন। এ কেন্দ্রে মোট ভোটার ১১৬৭। বেলা সাড়ে ১০টা পর্যন্ত এখানে ৩৪২টি ভোট পড়ে। মধ্যকুল মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রের একজন ভোটার নাম প্রকাশ না করে বলেন, তাঁর ভোট দেওয়া হয়ে গেছে। এখানে বিএনপির মেয়র প্রার্থীর কোনো পোলিং এজেন্টকে পাওয়া যায়নি। কয়েকজন ভোটার বলেন, দুপুর ১২টার পরে ভোটকেন্দ্র দখল করে ভোট দেন আওয়ামী লীগের কর্মীরা।
কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থীর কোনো পোলিং এজেন্টকে পাওয়া যায়নি। ভোগতী নরেন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দুইটায় গিয়ে নারীদের দীর্ঘ লাইন দেখা যায়। এখানে আওয়ামী লীগের কর্মীরা কেন্দ্রে ঢুকতে গেলে কর্তব্যরত এক আনসার সদস্য একটি গুলি ছোড়েন বলে জানান, রিটার্নিং কর্মকর্তা শরীফ রায়হান কবির।
কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হলেও আওয়ামী লীগের কর্মীদের লাঠি হাতে কেন্দ্রের বাইরে অবস্থান করতে দেখা যায়।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগের বিষয়ে বলেন, ‘ভোট আমাদের একটি উৎসব ছোটখাটো ঘটনা নিয়ে মাথা ঘামালে চলবে না। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির বলেন, দু-একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে। তিনি বলেন, ভোগতী নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের কারণে তিনি সারা দিনই কেন্দ্রে অবস্থান করে ভোট নিয়েছেন।