কেশবপুরে ভেঙে পড়ল সেতু
যশোরের কেশবপুরের শ্রীগঞ্জ বাজারের পুরাতন সেতুটি গত শনিবার ভেঙে পড়েছে। এদিন অতিরিক্ত ওজনের একটি ট্রাক ওঠায় সেতুটি ভেঙে পড়ে। এতে স্থানীয় লোকজন ভোগান্তিতে পড়েছে।এলাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর শহরটি বিভক্ত করে রেখেছে হরিহর নদী। এই নদীর ওপর শ্রীগঞ্জ বাজার এলাকায় ৭০ বছর আগে একটি সেতু নির্মাণ করা হয়। একসময় এই সেতুই ছিল কেশবপুরের পশ্চিম প্রান্তের সঙ্গে পূর্ব প্রান্তের যোগাযোগের একমাত্র মাধ্যম।২০০১ সালে এই সেতুর ২০০ গজ দূরে আরেকটি সেতু নির্মাণ করা হয়। এর পর থেকে ভারী যানবাহনগুলো নতুন সেতু দিয়ে পারাপার হতো। নয় মাস ধরে শহরের ব্যস্ততম স্থান ত্রিমোহিনী মোড়ের রাস্তা কেটে ফেলে রাখা হয়েছে। এ কারণে এই রাস্তা দিয়ে চলাচল করতে না পেরে ভারী যানবাহনগুলো পুরাতন সেতু দিয়ে পারাপার হচ্ছে। এতে সেতুটি ঝুঁকিপূূর্ণ হয়ে ওঠে। অবশেষে শনিবার দুপুরে একটি অতিরিক্ত ওজনের ট্রাক উঠলে সেতুটির একটি অংশ ভেঙে যায়। কেশবপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন, নয় মাস আগে ত্রিমোহিনী মোড়ে নালা নির্মাণের জন্য একবার সড়ক কাটা হয়। কিন্তু রাস্তার তুলনায় বেশি উঁচু হওয়ায় নালাটি ভেঙে পুনরায় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে নালার ঢালাইয়ের কাজ শেষ করা যাবে বলে তিনি জানান।