কেশবপুরে মধু সড়ক চলাচলের অনুপযোগী
যশোরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত মধু সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কের কেশবপুর থেকে হাসানপুর পর্যন্ত সাত কিলোমিটারে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কে প্রায় দিনই গর্তে গাড়ি পড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। চার মাস ধরে এই অবস্থা চললেও এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।
কেশবপুর শহর থেকে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা। এর মধ্যে সাত কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত সোমবার ঘুরে দেখা গেছে, কেশবপুর শহরের মাইকেল মোড় থেকে হাসানপুর বাজার পর্যন্ত সাত কিলোমিটারে অসংখ্য গর্ত। এর মধ্যে ১৮টি বড় গর্ত বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেশবপুর শহরের গরু হাঁটার পরেই গণসাহায্য সংস্থার অফিসের সামনের গর্তে রাস্তায় প্রায়ই গাড়ি আটকে যাচ্ছে। সকাল সাড়ে সাতটার দিকে দেখা যায়, একটি বালুবাহী ট্রাক ওই গর্তে আটকে আছে। রাতেই গাড়িটি গর্তে পড়ে আটকে যায়। বালু অপসারণ করে গাড়িটি ঠেলে ওঠাতে হয়।
ট্রাকচালক বাবলু বলেন, তিনি এই সড়ক দিয়ে প্রতিদিন দুবার সাতক্ষীরা থেকে ফল বোঝাই করে যশোর যাতায়াত করেন। তাঁর গাড়িও এখানে আটকে যাওয়ায় পুরো একদিন এখানে আটকে ছিলেন। মজিদপুর গ্রামের ভ্যানচালক সচীন দাস বলেন, প্রায় দিনই এখানে ভ্যান উল্টে যায়। রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেই। এ রাস্তার পাশের বাসিন্দা ইব্রাহীম হোসেন বলেন, গত জুলাই মাসের বৃষ্টিপাতের পর থেকে এই রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। তিন মাস ধরে প্রতিদিন এই রাস্তায় গর্তে পড়ে গাড়ি আটকে থাকলেও মেরামতের কোনো উদ্যোগ নেই। তিনি বলেন, গর্তে কিছু ইট ফেলে দেওয়া হলেও অন্তত গাড়িগুলো পার হতে পারত।
হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ের সামনে রাস্তার কালভার্টটি ভেঙে বিপজ্জনক হয়ে পড়েছে। হাসানপুর গ্রামের আবুল হোসেন বলেন, ‘দুই মাস ধরে কালভার্ট ভেঙে আছে। আমি দুই-তিন দিন অন্তর ওই গর্তে কলাগাছ দিয়ে দিচ্ছি, তারপরও অনেক দুর্ঘটনা ঘটছে।’ বুড়িহাটি গ্রামের তরিকুল ইসলাম বলেন, ১৫ দিন আগে এই গর্তে মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হন।
হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলমত আলী বলেন, রাস্তার বেহাল অবস্থার কারণে উপজেলা প্রকৌশল কার্যালয়কে মৌখিকভাবে জানিয়েছেন। কিন্তু কোনো কিছুই হচ্ছে না। তিনি বলেন, সামনে জানুয়ারি মাসে মধু মেলা, সে কারণে জরুরি ভিত্তিতে রাস্তা মেরামত করা প্রয়োজন।
কেশবপুর উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, রাস্তা মেরামতের জন্য যশোরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রাক্কলন পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে আসলে কাজ করা হবে। কালভার্টের ব্যাপারে বলেন, গত বছর কালভার্ট তৈরির সময় নিচে কাদা থাকায় নির্মাণত্রুটির কারণে সেটি ভেঙে গেছে। এবার বক্স-কালভার্ট করার জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।