কেশবপুরে মধুমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন করা হয়েছে। সন্ধ্যায় সাগরদাঁড়ির মধুমঞ্চে মেলার উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কীর্তি বলে শেষ করা যাবে না। মেঘনাদবধ কাব্য তাঁর শ্রেষ্ঠ সাহিত্য উপাদান। তিনি তখনকার সময়ে বাংলা সাহিত্যকে আধুনিকতার ছোঁয়া দিয়েছিলেন। সে জন্যই তিনি চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন।’
অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব মো. গাউস, কেশবপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, এএসপি রেশমা শারমিন, কেশবপুরের পৌর মেয়র আবদুস সামাদ বিশ্বাস প্রমুখ।
সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে এবং মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের সহযোগিতায় অনুষ্ঠিত এ মধুমেলা সপ্তাহব্যাপী চলবে।