কেশবপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের পাঁজিয়া সর্বজনীন কালীমন্দিরের ৫ শতাংশ জমি এক প্রভাবশালী ব্যক্তি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। মন্দির কমিটির সভাপতি গত শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ বিষয়ে অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়েছে, পাঁজিয়া সর্বজনীন কালীমন্দিরটি তিন একর ২৬ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত। এর মধ্যে মন্দিরের সামনে কেশবপুর-কলাগাছি সড়কের পাশে ৫ শতাংশ জমি দখলে নিয়ে সেখানে একটি দোকানঘর ও গুদাম নির্মাণ করেছেন হাড়িয়াঘোপ গ্রামের রাছেল আহম্মেদ। তিনি কয়েক দিন ধরে ঘরের অতিরিক্ত অংশ বাড়ানোসহ সংস্কারকাজ করছেন।
সংবাদ সম্মেলনে মন্দির কমিটির সভাপতি জগদীশ ঘোষ বলেন, জমি দখলের বিরুদ্ধে তাঁরা মামলা করে মন্দিরের পক্ষে রায় পান। এর বিরুদ্ধে রাছেল আপিল করেন। মামলা নিষ্পত্তি হওয়ার আগেই তিনি ওই জমিতে নির্মাণ ও সংস্কারকাজ করছেন।
রাছেল আহম্মেদ বলেন, ‘ওই জমি আমার দাদার। জমিতে নতুন করে কোনো স্থাপনা করছি না। যে স্থাপনা আছে, তার সংস্কার করছি। আমার জমিতে সংস্কারকাজে কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।’