কেশবপুরে মরদেহ দাহ করতে পথে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর শহরের পাশাপোল শ্মশানে মরদেহ দাহ করতে না পেরে ঋষি সমপ্রদায়ের লোকেরা গতকাল বৃহস্পতিবার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা পৌরসভা চত্বরে অবস্থান করেছেন। পরে পৌরসভার হস্তক্ষেপে তাঁরা মরদেহ দাহ করেন।শ্মশানের রাস্তা না থাকায় ঋষি সমপ্রদায়ের মানুষ মারা গেলে লাশ পোড়াতে তাঁরা বাধার সম্মুখীন হন—এমন অভিযোগ পাওয়া গেছে। শ্মশান কমিটির আহ্বায়ক উত্তম কুমার দাস বলেন, পাঁচ-ছয় মাস আগে একটি লোক মারা গেলে স্থানীয় বাসিন্দারা লাশ নিয়ে তাঁদের জায়গা দিয়ে যাওয়া যাবে না বলে প্রথমে বাধা দেন। বাধা উপেক্ষা করে এগিয়ে গেলে তাঁদের মারপিট করে তাড়িয়ে দেওয়া হয়। পরে তাঁরা পুলিশ প্রশাসনের সহায়তায় লাশ দাহ করেন। ঋষি সমপ্রদায়ের লোকেরা অভিযোগ করেন, এ সমস্যা সমাধানে তাঁরা পৌরসভার মেয়র আবদুস সামাদ বিশ্বাসের সঙ্গে দেখা করে সঞ্চারকলিপি দেন এবং দুই দফা বৈঠকে বসেন। কিন্তু মেয়র তাঁদের সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা লাশ নিয়ে পৌরসভায় অবস্থান করেন। পৌর মেয়র বলেন, ‘সরাসরি রাস্তা পাওয়া না গেলে নদীর ধার দিয়ে দূর থেকে হলেও রাস্তা করে দেব। আগামী বর্ষার আগেই রাস্তা তৈরি করে দেওয়া হবে।’