কেশবপুরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে যুবলীগের অভ্যন্তরীণ কোন্দল চরমে উঠেছে। গত কয়েক দিনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দফায় দফায় মারধরে চারজন আহত হয়েছেন।
জানা গেছে, গত শুক্রবার উপজেলার পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে খাদিজা নামে এক নারী কর্মীকে ঢুকতে দেওয়া নিয়ে যুবলীগের উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ এবং পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের মধ্যে কথা-কাটিকাটি হয়। এর জের ধরে রোববার রাত সাড়ে আটটার দিকে জাহাঙ্গীরের নেতৃত্বে যুবলীগের কয়েকজন কর্মী আবু সাঈদকে পাঁজিয়া বাজারে পিটিয়ে আহত করেন। তাঁকে ওই রাতেই কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ খবর পেয়ে আবু সাঈদের পক্ষের যুবলীগ কর্মীরা রাত সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীরের হদ গ্রামের বাড়িতে হামলা করেন। তাঁরা তাঁর ঘরের চালের টালি ভাঙচুর করেন এবং কাপড়-চোপড় ও আসবাবপত্র বাইরে নিয়ে পুড়িয়ে ফেলেন।
এদিকে মঙ্গলবার বেলা দুইটার দিকে জাহাঙ্গীর বিশ্বাস পাঁজিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আবু সঈদের লোকজন তাঁর ওপর হামলা করেন। তাঁরা জাহাঙ্গীর বিশ্বাস, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন এবং তাঁদের বহনকারী মোটরসাইকেলের চালক মতিয়ার রহমানকে মারধর করেন। তাঁদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জাহাঙ্গীর বিশ্বাস অভিযোগ করেন, ‘আবু সাঈদ আমার বাড়ি ভেঙেই ক্ষান্ত হননি, আমাকে মেরে হাত-পা ভেঙে দিয়েছেন।’
আবু সাঈদ অভিযোগ করেন, জাহাঙ্গীর দলবল নিয়ে তাঁকে শুধু মারধরই করেননি, তাঁর এক লাখ টাকা ও গলার চেইনও নিয়ে গেছেন।
কেশবপুর থানার ওসি আবদুল জলিল বলেন, উভয় পক্ষ থেকেই মামলা হয়েছে।