কেশবপুরে শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ
যশোরের কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে তা শিক্ষার্থীদের মধ্যে সাজেশন আকারে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।গতকালের গণিত পরীক্ষা শেষে সাজেশনের সঙ্গে মিলিয়ে তার প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক তাপস রায় দীর্ঘদিন ধরে প্রাইভেট টিউশনি করে আসছেন। তাঁর কাছে যারা প্রাইভেট পড়ে তিনি তাদের প্রতিবার পরীক্ষার আগে শিক্ষার্থীদের নির্দিষ্ট পরিমাণ প্রশ্ন বইয়ে দাগিয়ে দেন। যা হুবহু পরীক্ষায় মিল থাকে। গতকাল বৃহস্পতিবার ছিল পঞ্চম শ্রেণীর গণিত পরীক্ষা। এর আগের দিন তিনি তাঁর প্রাইভেট শিক্ষার্থীদের বইয়ে কিছু প্রশ্নপত্র দাগিয়ে দেন। গতকালের পরীক্ষা শেষে দেখা যায়, দাগিয়ে দেওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল রয়েছে। এর আগের পরীক্ষায় এমন হওয়ায় আজকের পরীক্ষার আগে এলাকার অভিভাবকেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত আভিযোগ করেন। পরীক্ষা শেষে দেখা যায়, ১২টি প্রশ্নের মধ্যে ১১টি প্রশ্ন মিলে যায়। অভিযুক্ত শিক্ষক তাপস রায়ের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর প্রাইভেট টিউশনি করার অভিযোগ রয়েছে। অভিযুক্ত শিক্ষক তাপস রায় বলেন, তিনি যে সাজেশন দিয়েছিলেন তার থেকে যদি ১১টি প্রশ্ন মিলে যায় তাহলে তাঁর কিছু করার নেই। তিনি জানান, তাঁর স্কুলে পঞ্চম শ্রেণীতে মোট ৬০ জন শিক্ষার্থী পড়ে। তার মধ্যে তিনি ২৭ জনকে প্রাইভেট পড়ান। সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান বলেন, এলাকাবাসীর দেওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে গণিত প্রশ্নের সঙ্গে অভিযোগের তালিকার অধিকাংশের মিল রয়েছে। তিনি আরও বলেন, প্রশ্নপত্র প্যাকেট করে বিলি করার সময় শিক্ষক তাপস রায়কে কাজে লাগানো হয়েছিল। ওখান থেকে প্রশ্ন দেখে শিক্ষার্থীদের জানাতে পারেন।উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার টি এম শাহ আলম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, পরীক্ষাসংক্রান্ত সব কর্মকাণ্ড থেকে ওই শিক্ষককে বিরত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।