কেশবপুরে সন্ত্রাসী হামলায় আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের দুটি ঋষি পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়। এ সময় সন্ত্রাসীরা পরিবারগুলোর তিনটি ঘর পুড়িয়ে দেয় ও লুটপাট চালায়। গত মঙ্গলবারের ঘটনায় কেশবপুর থানায় ১১ জনকে আসামি করে মামলা হয়েছে। হামলার প্রতিবাদে স্থানীয় লোকজন এলাকায় প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আটটার দিকে আবু সাঈদের নেতৃত্বে সন্ত্রাসী সবুজ, দেলোয়ার, জাহিদ, ইসাহাক, আলাউদ্দীন, শরিফুল, মামুন, হান্নান ও হাসান চায়নিজ কুড়াল, দা, চাকু, হকিস্টিক, শাবল ও লাঠি দিয়ে বিনোদ ও হরিপদের তিনটি ঘর ভাঙচুর করে ও পুড়িয়ে দেয়। এ সময় তারা ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসীদের ব্যবহূত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় গোপাল দাস বাদী হয়ে কেশবপুর থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা করেছেন। উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে এ ঘটনার তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করেছেন।হামলার প্রতিবাদে ঋষি সম্প্রদায়ের লোকজন মঙ্গলবার বেলা ১১টায় শহরে মিছিল বের করেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ করেন। বিকেলে স্থানীয় লোকজন ত্রিমোহিনী মোড় চত্বরে মানববন্ধন পালন করেন। এক সমাবেশে বক্তারা আগামী রোববারের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।