কেশবপুরে সেই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ ও প্রতারণা করার অভিযোগে যশোরের কেশবপুর উপজেলার সন্যাসগাছা বালিকা দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে দুই ছাত্রীর অভিভাবক গত মঙ্গলবার কেশবপুর থানায় মামলা করেছেন।
ছাত্রীদের অভিযোগ, নিবন্ধনের জন্য তারা টাকা জমা দিলেও মাদ্রাসা সুপার আবদুল হালিম তা আত্মসাৎ করায় তাদের নিবন্ধন হয়নি। এ কারণে মাদ্রাসার ১৪ জন ছাত্রীর কেউ এ বছর দাখিল পরীক্ষা দিতে পারেনি।
মামলার তদন্ত কর্মকর্তা কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, প্রতারণা করে অর্থ আত্মসাৎ করায় মাদ্রাসা সুপার আবদুল হালিমের বিরুদ্ধে পরীক্ষা দিতে না পারা শারমিন সুলতানা ও শান্তা নূরের বাবা আফতাব মোল্লা বাদী হয়ে কেশবপুর থানায় মঙ্গলবার রাতে একটি মামলা করেছেন। এই মামলার অপর আসামি ওই মাদ্রাসার অফিস সহকারী আবদুল মজিদ। এসআই আরও জানান, মামলা দায়েরের আগে থেকেই সুপার পলাতক আছেন। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না।
ছাত্রীরা পরীক্ষা দিতে না পারায় গত শনিবার কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিভাবকেরা অভিযোগ করেন। বিক্ষুব্ধ অভিভাবকেরা মাদ্রাসায় ভাঙচুর চালান।