কেশবপুরে স্পিরিট পানে দুজনের মৃত্যু
যশোরের কেশবপুরে স্পিরিট পান করে দুজন মারা গেছেন। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গত বুধবার রাতে স্পিরিট পান করেন এ পাঁচজন। গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।
পুলিশ, হতাহত ব্যক্তিদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বুধবার রাতে স্পিরিট পান করেন উপজেলার ভবানীপুর গ্রামের নিজাম উদ্দীন (৫৫), মধ্যকুল গ্রামের সিরাজুল ইসলাম (৫০) ও খসরুজ্জামান (৩৮), বাগদা গ্রামের আবদুস ছবুর (৪৮) এবং মনিরামপুর উপজেলার নাগোরঘোপ গ্রামের সুবল অধিকারী (৫৫)। স্পিরিট পানের পরপরই তাঁরা সবাই অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সবাইকে যশোর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল ভোরে নিজাম উদ্দীন যশোরে এবং বেলা ১১টার দিকে সিরাজুল খুলনায় মারা যান। তবে খসরুজ্জামান এখনো কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইদা নাসরিন বলেন, খসরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক। যশোর মেডিকেল কলেজে স্থানান্তরের পরামর্শ দেওয়া হলেও তাঁর পরিবারের লোকজন তাঁকে সেখানে নেননি। চিকিৎসক আরও বলেন, বিষাক্ত অ্যালকোহল পানেই তাঁরা সবাই অসুস্থ হয়ে পড়েন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন বলেন, মৃত্যুর ঘটনায় কেউ অভিযোগ করেনি। কোথা থেকে এ স্পিরিট এল, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।