কেশবপুরে হরিহর নদ খনন শুরু

যশোরের কেশবপুরে হরিহর নদ খনন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে বড়েঙ্গা মালোপাড়ার কাছে তিন নদীর মোহানায় এক্সকাভেটর যন্ত্রের মাধ্যমে খনন শুরু করা হয়।
সরেজমিনে বড়েঙ্গা তিন নদীর মোহনায় দেখা যায়, বার্জের ওপরে খননযন্ত্র রেখে হরিহর নদ থেকে মাটি কেটে তোলা হচ্ছে। বড়েঙ্গা গ্রামের মহাসিন আলী ও আবুল কাশেম বলেন, এখানে হরিহর নদে মাত্র ২ ফুট গভীর পানি রয়েছে। হরিহর নদের পাঁচ কিলোমিটারজুড়ে খনন করা গেলে কেশবপুরের পানি নেমে যাবে। খননযন্ত্রের চালক জাহিদুল ইসলাম বলেন, তিন নদীর মোহনায় স্রোতের করণে বার্জ বেঁধে খনন করতে হচ্ছে। সে কারণে নদ খননে অসুবিধা হচ্ছে। খননের সময় ওয়াপদার যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মেতালেব মোল্লা উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড কেশবপুরের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোতালেব মোল্লা বলেন, নদের ওপর বাঁশের অনেক সাঁকো এবং ছোট সেতু রয়েছে। সে কারণে খননে অসুবিধা হচ্ছে। এই এক্সকাভেটর ছাড়াও উভচর খননযন্ত্র ব্যবহার করার চিন্তা করা হচ্ছে।
উল্লেখ্য, কেশবপুরে হরিহর নদে পলি ভরাট হওয়ায় ভারী বর্ষণে কেশবপুর পৌরসভাসহ ১১টি ইউনিয়নে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কেশবপুরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার বলেন, উপজেলায় ১৬১ বর্গকিলোমিটার এলাকা এখন জলাবদ্ধ হয়ে পড়েছে। ৮২ হাজার লোক এখন পানিবন্দী। ২২টি আশ্রয়কেন্দ্রে ৭ হাজার ৬২২ জন লোক আশ্রয় নিয়েছেন।