কেশবপুরে হিজবুত তওহিদের দুই সদস্য আটক
যশোরের কেশবপুরে ধর্মভিত্তিক গোপন সংগঠন হিজবুত তওহিদের দুই সদস্যকে আটক করা হয়েছে। শহরের ভূমি অফিসের সামনে প্রচারপত্র বিতরণ ও পোস্টার সাঁটার সময় গতকাল মঙ্গলবার সকালে পুলিশ তাঁদের আটক করে। আটক যুবকেরা হলেন ঝিনাইদহের মহেষপুর উপজেলার গোপালপুর গ্রামের শামছুজ জামান ও সাইদুর রহমান।শামছুজ জামান দাবি করেন, তিনি ওই সংগঠনের যশোর জেলা আমির। তিনি যশোর এম এম কলেজের ভূগোল বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র। তাঁর সঙ্গে ভাই আবদুস সামাদও ছিলেন। তাঁরা আটক হলেও তাঁর ভাই পালিয়ে যেতে সক্ষম হন। তাঁদের কেন্দ্রীয় নেতা বায়েজিদ খান পন্নী। তিনি বলেন, হিজবুত তওহিদ গোপন ও জঙ্গি সংগঠন নয়। এই সংগঠনের সদস্যরা মূলত ধর্ম প্রচার করেন।কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) খালিদ হোসেন জানান, ওই দুজনকে জঙ্গি সন্দেহে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের কাছ থেকে প্রচারপত্র, পোস্টার, সিডি, হ্যান্ডমাইক ও ধর্মভিত্তিক বই উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।