কেশবপুরে ২০টি গ্রাম প্লাবিত, ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
অতিবৃষ্টিতে যশোরের কেশবপুরে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে এখানকার প্রায় ৭৬৮টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানির কারণে এলাকার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
কেশবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিপুল কুমার মালাকার বলেছেন, ত্রিমোহিনী, সাগরদাঁড়ি ও বিদ্যানন্দকাঠি ইউনিয়নগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো গোপসেনা, ধর্মপুর, সাগরদাঁড়ি কোমরপুর, চিংড়া, মহাদেবপুর, বগা, নেহালপুর, আওলগাতি, গোপালপুর, চাঁদড়া, মির্জানগর, বরনডালি ও সরসকাঠি। অনেক স্থানে ভেঙে গেছে ত্রিমোহিনী বন্যানিয়ন্ত্রণ বাঁধ।
গত চার দিনে সরেজমিনে দেখা গেছে, ত্রিমোহিনী ইউনিয়নে কপোতাক্ষ নদের পানিতে ত্রিমোহিনী বাজারের ৫০টি দোকান পানিতে ডুবে গেছে। ত্রিমোহিনী-যশোর সড়ক তলিয়ে যাওয়ায় এই সড়কে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
গোপালপুরের নজরুল ইসলাম ও সুজাত মীর বলেন, বরনডালি খালের জলকপাটে ইটের বাঁধ দিয়ে আসাদুজ্জমান একটি মাছের ঘের করেন। সে কারণে এলাকার পানি নদে নামতে পারছে না। মাছের ঘেরের মালিক আসাদুজ্জমান ফোন না ধরায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, আসাদুজ্জমানের বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ করেছেন। আগামীকাল বিকেলের মধ্যে এই বাঁধ তিনি নিজে অপসারণ না করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দারা আরও অভিযোগ করেন, নদ খননের জন্য নদে আড়াআড়ি বাঁধ দেওয়ায় পানি নিষ্কাশন হতে পারছে না। পানি উন্নয়ন বোর্ড কেশবপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, নদের পানিপ্রবাহ বাড়াতে গত বছরের ডিসেম্বর মাস থেকে নদ খনন শুরু হয়। এ কাজ শেষ না হওয়ায় পানি নামতে পারছে না।
সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন বলেন, বৃষ্টির কারণে বন্যানিয়ন্ত্রণ বাঁধ অনেক স্থানে ভেঙে যাওয়ায় লোকালয়ে আরও পানি ঢুকছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির বলেন, জলাবদ্ধতায় কয়েকটি গ্রামে জটিল অবস্থার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১৫ মেট্রিক টন চাল ও ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে খাদ্য সাহায্য দেওয়া চলছে। এ ছাড়া কপোতাক্ষ নদের পাশে ত্রিমোহিনী বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও বরনডালি-মিরেরডাঙ্গা বাঁধের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।