কেশবপুরে ৪০ বছর পর রাস্তা দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে একটি রাস্তা ৪০ বছর পর দখলমুক্ত করা হয়েছে। এটি চলাচলের উপযোগী করতে তাতে মাটি ফেলার কাজ শুরু হয়েছে।কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দীন বলেন, রাস্তাটি উদ্ধার হওয়ায় পাঁচটি গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর উপজেলার উনিশ মাইল থেকে পশ্চিমে হাবাসপোল খোজাখাল পর্যন্ত এক কিলোমিটার রাস্তা ৪০ বছর ধরে প্রভাবশারী ব্যক্তিদের দখলে ছিল। ফসলি জমি বানিয়ে রাস্তাটি দখল করে নেন তাঁরা। দীর্ঘদিন দখলে থাকায় সেখানে রাস্তার চিহ্ন পর্যন্ত ছিল না।সম্প্রতি এলাকাবাসী রাস্তাটি দখলমুক্ত করার উদ্যোগ নেয়। তারা ৬০ জনের সই করা একটি অভিযোগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দেয়। সপ্তাহ দুয়েক আগে ইউএনও সরেজমিনে দেখেন এবং পরে সরকারি সার্ভেয়ার (জরিপকারী) নিয়োগ করে রাস্তাটি চিহ্নিত করান। অবশেষে কর্মসৃজন কর্মসূচির আওতায় গত রোববার থেকে মাটি ফেলে রাস্তাটি উঁচু করার কাজ শুরু হয়েছে।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, পুরো রাস্তার জায়গায় ধান চাষ করা হয়েছে। শ্রমিকেরা মাটি কেটে রাস্তায় ফেলছেন। এলাকাবাসী জানান, হাবাসপোল, মধ্যকুল, রামচন্দ্রপুর, ভোগতী ও মুলগ্রামের মানুষের যাতায়াতে রাস্তাটি খুবই উপকারে আসবে।মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা, রফিকুল, আরাফাত ও শারমিন আক্তার জানায়, রাস্তাটি চালু হলে তাদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথ অন্তত এক কিলোমিটার কমবে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শরিফাতুলনেসা জানান, অনেক দূর থেকে আসতে হয় বলে হাবাসপোল গ্রামের অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হয় না। এখন থেকে ওই গ্রামের শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে সহজে আসতে পারবে।মধ্যকুল গ্রামের সখিনা বেগম বলেন, রাস্তাটি চালু হলে এলাকাবাসীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার রাস্তা তিন কিলোমিটার কমে যাবে। ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, ‘সরকারি রাস্তাটি প্রভাবশালী ব্যক্তিদের দখল থেকে মুক্ত করতে পেরেছি। কর্মসৃজনের শ্রমিক দিয়ে মাটি কেটে এটি দেড় ফুট উঁচু করে দেওয়া হবে। এলাকার মানুষ এখন থেকে সহজে যাতায়াত করতে পারবে।’ সপ্তাহ দুয়েকের মধ্যে রাস্তাটি চালু করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।