কেশবপুরে ৬০টি পরিবার রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে জোয়ারের পানিতে রিংবাঁধ ভেঙে তলিয়ে যাওয়া আগরহাটি গ্রামের মানুষ মানবেতর জীবন যাপন করছে। ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে প্রায় ৬০টি পরিবার গ্রামের রাস্তার ওপর আশ্রয় নিয়েছে। 

গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, গ্রামের প্রতিটি বাড়িতে পানি। অনেকে রাস্তার ওপর আশ্রয় নিয়েছে। কিছু পরিবার বাড়িতে উঁচু মাচা  তৈরি করে সেখানে আছে। পার্শ্ববর্তী শ্রীহরি নদীর ভাঙন অব্যাহত আছে। এলাকার কয়েকজন জানান, পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ অনেক আগেই ভেঙে গেছে। এরপর এলাকাবাসী তাঁদের বাড়িঘর রক্ষায় রিংবাঁধ দিলেও গত শুক্রবার শ্রীহরি নদীর জোয়ারের প্রবল চাপে সেটি ভেঙে গ্রামটি ডুবে যায়। এরপর বেশ কয়েকটি পরিবার তাঁদের আত্মীয়-স্বজনদের বাড়িতে চলে গেছে।

গৃহবধূ রেহেনা খাতুন বলেন, ‘চার-পাঁচ দিনের মধ্যে চুলা জ্বালাতে পারিনি, তাই চিড়া-মুড়ি খেয়ে আছি।’ ফজলু রহমান বলেন, ‘আমার চারটি ঘরই নদী ভাসিয়ে নিয়ে গেছে। এখন রাস্তার ওপরে আশ্রয় নিয়েছি। আমরা এখন মহাবিপদে আছি। আমাদের জন্য কোনো সরকারি সাহায্য আসেনি।’

গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী রেজা বলেন, ‘গত পাঁচ বছরে গ্রামে পাউবোর প্রায় এক কিলোমিটার বাঁধ ভেঙে গেছে। এই এলাকার মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে। আমি অনেকবার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। অথচ এ ব্যাপারে  কিছুই করা হয়নি।’ 

ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, ‘ওই গ্রামের মানুষের অবস্থা খুব খারাপ। আমি রিংবাঁধ নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। এখনো কোনো সরকারি সাহায্য বরাদ্দ হয়নি।’ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কেশবপুরের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, ‘জোয়ারের পানি ওঠা বন্ধে সাময়িক রিংবাঁধ তৈরির উদ্যোগ নিচ্ছি। আর ভাঙন রোধে প্রায় পাঁচ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে।’