কেশবপুরে ‘হাতুড়ি বাহিনীর’ হামলায় আহত ২
যশোরের কেশবপুর উপজেলায় গতকাল শুক্রবার আবারো ‘হাতুড়ি বাহিনী’ দুই যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে। তাঁদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, উপজেলার পুরোনো গরুহাটার একটি বাজারে দ্বীন ইসলামের (২২) চায়ের দোকানের সামনে তাঁর চাচাত ভাই বাশার (২০) বসা ছিলেন। গতকাল বিকেলে ওই দোকানে হাতুড়ি বাহিনীর শরিফুল, আজিজ, লিটন, আরিফ ও ফারুক এসে বাশারকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে বাশার মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দ্বীন ইসলাম বাশারকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে তারা আহত করে। পরে এলাকাবাসী আহত যুবকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সম্প্রতি কেশবপুর কলেজের নবীনবরণ অনুষ্ঠানে একটি গন্ডগোলে বাশার জড়িত ছিলেন—এই অভিযোগে ওই বাহিনী তাঁদের পিটিয়ে আহত করে। কিন্তু বাশার জানান, এ ব্যাপারে তারা তাঁর কাছে কিছু জানতে চায়নি।