কেশবপুরের কীর্তনিয়া নিখোঁজ ১১ দিন

যশোরের কেশবপুর উপজেলায় প্রদীপ মল্লিক (৪৭) নামের একজন কীর্তনিয়া ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় কেশবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর উদ্বিগ্ন পরিবার।
প্রদীপ মল্লিকের বাড়ি উপজেলার দক্ষিণ গৌরীঘোনা গ্রামে। বাবার নাম বাসুদেব মল্লিক।
পুলিশ ও পরিবার জানায়, প্রদীপ মল্লিক এলাকায় একজন ধার্মিক মানুষ হিসেবে পরিচিত। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজারের স্বামী ভাস্কর আনন্দমঠের সক্রিয় সদস্য ও নিয়মিত কীর্তনিয়া ছিলেন। ওই মঠের পাশাপাশি বিভিন্ন নামযজ্ঞ অনুষ্ঠানেও কীর্তন করে থাকেন তিনি।
গতকাল বুধবার সকালে প্রদীপের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে আছেন। সাম্প্রতিক সময়ে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দুশ্চিন্তা আরও বাড়ছে বলে পরিবারটির সদস্যরা জানান। তাঁরা আরও জানান, এরই মধ্যে বিভিন্ন আত্মীয়ের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে।
স্ত্রী শিখা মল্লিক জানান, ৪ জুন শনিবার বিকেল চারটার দিকে বাড়ি থেকে বের হন প্রদীপ। যাওয়ার সময় বলে যান, তিনি গৌরীঘোনা বাজারে ওষুধ আনতে যাচ্ছেন। এরপর আর বাড়ি ফেরেননি। ঘটনার পর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
বাবা বাসুদেব মল্লিক বলেন, বাজারের কয়েকজনের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, প্রদীপ ওই দিন রাত আটটার দিকে গৌরীঘোনা বাজার থেকে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে এক কিলোমিটার দূরে ওয়াপদার বেড়িবাঁধ এলাকায় স্থানীয় বাসিন্দা আজিজ মোল্লার সঙ্গে তাঁর দেখা হয়। সেখান থেকে বাড়ির দূরত্ব এক কিলোমিটার। এই এক কিলোমিটারের মধ্যেই নিরুদ্দেশ হয়ে গেলেন তিনি।
আবদুল আজিজ মোল্লার সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ি ফেরার আগে তিনি ও প্রদীপ একসঙ্গে গৌরীঘোনা বাজারে চা পান করেন।
প্রদীপের মা বিভা রাণী মল্লিক বলেন, তাঁর ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। এরপরও কেন তিনি নিখোঁজ হলেন, তা ভেবে পাচ্ছেন না তিনি।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, ‘প্রদীপের নিখোঁজ হওয়ার সংবাদ সব থানায় দিয়েছি। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।’