কেশবপুরের ১০০ জনকে আর ভিক্ষা করতে হবে না

সড়ক দুর্ঘটনায় দুটি পা-ই অকেজো হয়ে যায় কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের নুরুন্নাহারের (২২)। নিহত হন তাঁর স্বামী। হুইলচেয়ারে গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে দিনাতিপাত করছিলেন তিনি। তাঁকে ১০টি মুরগি ও মুরগি রাখার সামগ্রী দেওয়া হয়েছে। নুরুন্নাহার বললেন, ‘যে সুবিধা পেলাম, তাতে আর ভিক্ষা করা লাগবে না।’
নুরুন্নাহারের মতো কেশবপুরের ১০০ জনকে আর অসম্মানজনক এই পেশায় থাকতে হবে না। তাঁদের কেউ শারীরিক প্রতিবন্ধী, কেউ আবার দৃষ্টিহীন। উপজেলা প্রশাসনের এক উদ্যোগ তাঁদের ‘ভিক্ষুক’ পরিচয় ঘোচাতে সহায়তা করছে।
গতকাল বৃহস্পতিবার কেশবপুর শহরের আবু শারাফ সাদেক মিলনায়তনে ‘ভিক্ষুকমুক্তকরণ ও পুনর্বাসন কর্মসূচি’র উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুরের সাংসদ এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন।
অনুষ্ঠানে উপজেলার ১০০ জন ভিক্ষুক উপস্থিত হন। তাঁদের মুদি দোকান, ছাগল, গরু, চায়ের কেটলিসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়। তাঁরা অঙ্গীকার করেন, কোনো দিন ভিক্ষা করবেন না।
উপজেলা প্রশাসন বলছে, তাদের আহ্বানে সাড়া দিয়ে উপজেলা পরিষদের সব কর্মকর্তা-কর্মচারী তাঁদের এক দিনের বেতন দিয়েছেন। তা দিয়ে ৮০ জন ভিক্ষুকের পুনর্বাসন করা গেছে। আর ১০টি বেসরকারি সংস্থার কর্মীরা নিজেদের বেতন থেকে বাকি ২০ জনের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। এ কাজে মোট ব্যয় হয়েছে ৩ লাখ ৩৪ হাজার টাকা।
ইউএনও শরীফ রায়হান কবির বলেন, কেশবপুরে ৩৬৫ জন ভিক্ষুকের তালিকা করা হয়েছে। তাঁদের প্রত্যেককে একটি করে ভিজিডি কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে আজ (গতকাল) ১০০ জনের পুনর্বাসনের ব্যবস্থা করা হলো। পর্যায়ক্রমে বাকিদেরও এ কর্মসূচির আওতায় আনা হবে।