কেশবপুরের ১৩টি গ্রাম জলাবদ্ধ
যশোরের কেশবপুরে অতিবর্ষণে তলিয়ে যাওয়া ১৩টি গ্রামের জলাবদ্ধতা কাটেনি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সরকারি কোনো সাহায্য এখনো পায়নি। কপোতাক্ষ নদ নাব্যতা হারানোর ফলে পানি সরতে না পারায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে বলে এলাকাবাসী মনে করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে গত আগস্টের শেষ সপ্তাহে উপজেলার বিদ্যানন্দকাঠি ও সাগরদাঁড়ি ইউনিয়নের পাঁচটি গ্রাম প্লাবিত হয়। পরে গত সপ্তাহে আরও আটটি গ্রাম প্লাবিত হয়। গ্রামগুলো হচ্ছে বিদ্যানন্দকাঠি ইউনিয়নের নেহালপুর, বগা, মহাদেবপুর, আওলগাতি, রেজাকাঠি, মোমিনপুর, হাড়িয়াঘোপ এবং সাগরদাঁড়ি ইউনিয়নের সাগরদাঁড়ি, শেখপুরা, শ্রীপুর, কোমরপুর, বাঁশবাড়িয়া ও ফতেপুর।
গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, শেখপুরা মসজিদ থেকে সাগরদাঁড়ি দাখিল মাদ্রাসা পর্যন্ত পাকা সড়কে পানি ওঠায় সাগরদাঁড়ির সঙ্গে কেশবপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রেজাকাঠি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয় থেকে বগা পর্যন্ত রাস্তা তলিয়ে গেছে। রেজাকাঠি প্রাথমিক বিদ্যালয়ে পানি ওঠায় বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। আওলগাতি, শেখপুরা, রেজাকাঠি ও নেহালপুর গ্রামে গিয়ে দেখা যায়, প্রতিটি বাড়িতে পানি উঠেছে। দুই মাস জলাবদ্ধ থাকায় এখানকার কাঁচা ঘরগুলো বিধ্বস্ত হয়েছে। আওলগাতি গ্রামের মোহর আলী জানান, গ্রামের ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
শেখপুরা গ্রামের রাকিয়া বেগম জানান, তাঁদের এখন খাদ্যের প্রয়োজন সবচেয়ে বেশি। তাঁর দুই ছেলে দিনমজুর। চারদিক পানিতে তলিয়ে যাওয়ায় কাজ না থাকায় তাঁরা চরম কষ্টে আছেন। একই গ্রামের রাজিনা খাতুন অভিযোগ করেন, অপরিকল্পিতভাবে বিলগুলোতে মাছের ঘের তৈরি করায় পানিনিষ্কাশন হতে পারছে না। ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কাজী মনোয়ার আবু তাহের বলেন, শেখপুরা গ্রামের ৩০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
বিদ্যানন্দকাঠি ইউপির চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ইউনিয়ননের পাঁচটি গ্রামের ২০ হাজার লোক পানিবন্দী। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কোনো সরকারি সাহায্য মেলেনি। সাগরদাঁড়ি ইউপির চেয়ারম্যান শাহাদত হোসেন বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি খাদ্য প্রয়োজন।
ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, জলাবদ্ধ এলাকার মানুষের জন্য চার মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। আজ সোমবার থেকে বিতরণ করা হবে। অপরিকল্পিত ঘেরের ব্যাপারে ৯ অক্টোবর সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।