কেসিসি কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার দুপুর ১২টায় নগর ভবন চত্বরে কর্মচারীদের সংগঠন একতা ও সমতা দল যৌথভাবে ‘সচেতন কর্মচারী পরিষদের’ ব্যানারে এ কর্মসূচি পালন করে।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৮ আগস্ট কেসিসি কর্মচারী ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ১৮ অক্টোবর নির্বাচন হওয়ার কথা। কিন্তু এই নির্বাচন যাতে না হয়, সে জন্য ইউনিয়নের সভাপতি উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মহিউদ্দীন নির্বাচন স্থগিত চেয়ে আদালতে আবেদন করেছেন।

বক্তারা অভিযোগ করেন, দুই বছর ধরে তাঁরা নির্বাচন না দিয়ে টালবাহানা করে আসছিলেন। অবশেষে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পর নির্বাচন বানচাল করতে আবার মামলা করেছেন।

এস কে তাছাদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সেলিমুর রহমান, খান মশিউর রহমান, নাজমুল হক, শেখ দেলওয়ার হোসেন, আবদুস সাত্তার, শামীমুর রহমান প্রমুখ।

অভিযোগ প্রসঙ্গে খুলনা সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা বলেন, ‘আমরা যথাসময়ে সুষ্ঠু নির্বাচন চাই। আমরা নির্বাচন স্থগিতের জন্য মামলা করিনি। বরং অন্য ইউনিয়ন থেকে ছাড়পত্র নিয়ে ভোটার হওয়া যাবে এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারাও ভোটার হতে পারবেন বলে শ্রম অধিদপ্তরের নির্দেশনার বিরুদ্ধে আমরা আবেদন করেছি, যাতে নির্বাচন-পরবর্তী সময়ে কোনো রকম আইনি ঝামেলায় না পড়তে হয়।