কেসিসি-কেডিএ দ্বন্দ্বে আটকে আছে প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি অধিগ্রহণে জটিলতা ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সঙ্গে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ঠোকাঠুকিতে নগরের বর্জ্য ব্যবস্থাপনার একটি প্রকল্প প্রায় সাড়ে পাঁচ বছর ধরে আটকে আছে।
দেড় শ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় নগরের ১৫ লাখ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
সম্প্রতি খুলনা নগর ঘুরে দেখা যায়, রেলস্টেশন-লঞ্চ টার্মিনাল, পিটিআই মোড়, নিরালা মোড়, কদমতলা, তেঁতুলতলা, সার্কিট হাউসসহ অন্তত ১০টি জায়গায় মূল রাস্তার ওপর তৈরি হয়েছে অস্থায়ী ভাগাড়।
রিকশাযাত্রীরা নাকে চাপছেন রুমাল। ময়লার হাত থেকে বাঁচাতে এক হাতে সন্তানকে কোলে নিয়ে আরেক হাতে নাক চেপে এক মাকে রাস্তা পার হতে দেখা গেল।
সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বর্জ্য সমস্যার সমাধানের লক্ষ্যে ২০১০ সালে একটি বিশেষ প্রকল্প হাতে নেয় কেসিসি। ১৫৪ কোটি টাকার এই প্রকল্পে অর্থায়ন করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। প্রকল্পের মধ্যে ছিল চূড়ান্তভাবে বর্জ্য নিষ্কাশনের একটি জায়গা বা স্যানিটারি ল্যান্ড ফিল এবং আটটি মধ্যবর্তী বর্জ্য রাখার জায়গা বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) তৈরি করা। প্রকল্পের কাজ শুরু হওয়ার পাঁচ বছর পরও ১০ শতাংশ কাজ সম্পন্ন হয়নি। এর কারণ হিসেবে কেসিসি জমি অধিগ্রহণের জটিলতা, পরিবেশগত বিতর্ক ও কেডিএর অসহযোগিতাকে দুষছে। অন্যদিকে কেডিএ বলছে, অমীমাংসিত কিছু বিষয়ের সমাধান না হলে করপোরেশনকে কোনো জায়গা দেবে না তারা।
খুলনা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, শহরে প্রতিদিন ৪৫০-৫০০ টন বর্জ্য তৈরি হয়। পরিবেশদূষণ না করে নির্দিষ্ট একটি স্থানে শহরের সব বর্জ্য বিজ্ঞানসম্মতভাবে নিষ্কাশন করার স্যানিটারি ল্যান্ড ফিল তৈরির সিদ্ধান্ত হয়। এ জন্য প্রায় ১৪৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
সে লক্ষ্যে বটিয়াঘাটার মাথাভাঙ্গা মৌজায় পুটিমারি বিলে ২৪ দশমিক ৭ একর জমি চিহ্নিত করা হয়। কেসিসি ২০১৩ সালে জেলা প্রশাসনকে জমির দাম বাবদ ১৩ কোটি ৮০ লাখ টাকা দেয়। ওই বছরই কেসিসিকে আনুষ্ঠানিকভাবে জমি বুঝিয়ে দেয় জেলা প্রশাসন।
প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে জানিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এই অধিগ্রহণের বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত আন্দোলন করে। বেলার খুলনা বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান বলেন, ‘আমরা চেষ্টা করেছি, কিন্তু সরকারি গেজেট হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত আন্দোলন স্তিমিত হয়ে আসে। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে করেই হোক এই পরিবেশঘাতী প্রকল্প বন্ধ হওয়া প্রয়োজন।’ তবে খুলনার ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস বলেন, ‘এই জমি নিয়ে অযথাই রাজনীতি হয়েছে। আমরা পরিবেশ ছাড়পত্র পেয়েছি। জমি এখন আমাদের দখলেই আছে। সীমানাপ্রাচীর নির্মাণের জন্য শিগগির দরপত্র আহ্বান করব।’
ল্যান্ড ফিলে চূড়ান্তভাবে ময়লা ফেলার আগে আর বাসাবাড়ি থেকে সংগ্রহ করা আবর্জনা প্রাথমিকভাবে যে আটটি স্থানে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলোই এসটিএস। কংক্রিট নির্মিত প্রায় দুই তলা উচ্চতার এই ঘরের আরেকটি সুবিধা হচ্ছে এটি ময়লার দুর্গন্ধ অনেকটাই রোধ করে।
আটটি এসটিএসের জন্য বরাদ্দ হয় ১২ কোটি টাকা। পাঁচ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেই আট এসটিএসের চারটির জন্য প্রয়োজনীয় জমিই এখনো অধিগ্রহণ সম্ভব হয়নি। অবশিষ্ট চারটির মধ্যে দুটি প্রাথমিকভাবে কাজ শুরু করেছে। দুটির নির্মাণকাজ এখনো চলছে। নগরের রেলস্টেশন ও খালিশপুরে নিউজপ্রিন্ট মিল এলাকায় বছর খানেক আগে চালু হয় দুটি এসটিএস।
কর্তৃপক্ষের ভাষায়, ‘প্রায় শেষ হওয়া’ অন্য দুটি এসটিএসর একটি বয়রা বাজারের আড়াই শ বেড হাসপাতাল এলাকায়। অন্যটি খালিশপুরের নিউমার্কেট এলাকায়। হাসপাতাল এলাকায় ঘুরে এ রকম কোনো স্থাপনা চোখে পড়েনি। পরে হাসপাতাল সংশ্লিষ্ট অন্তত তিনজনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। কিন্তু তাঁরা এমন কিছুর কথা জানেন না বলে জানান। অবশিষ্ট চারটি এসটিএসের জায়গা কবে অধিগ্রহণ করা হবে—জানতে চাইলে আনিসুর রহমান বলেন, ‘পিটিআই মোড়ে আমরা সবুর খান ট্রাস্টের একটা জায়গা পছন্দ করেছি। কিন্তু এই জমিতে জলাশয় আছে এবং এটি ট্রাস্টের সম্পত্তি বিধায় এটা অধিগ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে জেলা প্রশাসন।’
জানতে চাইলে কেডিএর এস্টেট শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশনের সঙ্গে আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে। যেগুলোর ফয়সালা ছাড়া আমরা তাদের কোনো জায়গা দেব না। অতীতেও তারা এভাবে আমাদের জায়গা নিয়েছে। কিন্তু মূল্য পরিশোধ করেনি।’
কেডিএ ও কেসিসি দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্বে নগরের মানুষ ভুক্তভোগী হচ্ছে বলে মনে করেন খুলনা সচেতন নাগরিক কমিটির সভাপতি শেখ আবদুল কাইয়ুম। তিনি বলেন, ‘কেডিএর আসল কাজ হওয়া উচিত নগর পরিকল্পনা। কিন্তু খুলনায় আমরা সেটা দেখি না। আর নিজেদের কাজের জন্য নগরবাসীর কাছে জবাবদিহি করবে সিটি করপোরেশন। দুটি প্রতিষ্ঠানই নগরবাসীর জন্য। কিন্তু উল্টো তাদের সমন্বয়হীনতায় লাখ লাখ মানুষ কষ্ট পাচ্ছে।’