কেসিসির গুরুত্বপূর্ণ তিন পদ শূন্য
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সচিব পদটি গত চার মাস এবং ম্যাজিস্ট্রেটের পদটি সাড়ে তিন মাস ধরে শূন্য। এর মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তাও বদলি হয়েছেন ১৪ সেপ্টেম্বর। কেসিসির গুরুত্বপূর্ণ তিনটি পদ শূন্য হয়ে যাওয়ায় করপোরেশনের কর্মকাণ্ডে দেখা দিয়েছে স্থবিরতা।
কেসিসি সূত্র জানায়, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব ও ম্যাজিস্ট্রেটের পদ তিনটি প্রশাসন ক্যাডারের। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেষণে এই পদগুলোতে লোক নিয়োগ করা হয়। এর মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব পদ দুটি উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সংরক্ষিত।
কেসিসির এক কর্মকর্তা বলেন, গত ১৮ মে কেসিসির সচিব এম ইদ্রিস সিদ্দীকীকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বদলি করা হয়। ২৭ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট এরাদুল হককে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। সেই থেকে পদ দুটি শূন্য। এর মধ্যে ১৪ সেপ্টেম্বর প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হান্নান বিশ্বাসকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর তিনি অবসরজনিত ছুটিতে (এলপিআর) যাবেন। কেসিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তা না থাকায় কেসিসিরি অধিকাংশ কাজ বাধাগ্রস্ত হবে। বিশেষ করে বিল প্রদান, বকেয়া কর প্রদান ও প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটবে।
খুলনার মেয়র মনিরুজ্জামান বলেন, ম্যাজিস্ট্রেট পদে আগামী সপ্তাহেই একজন যোগ দেবেন। বাকি দুই পদেও নিয়োগের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।