কেসিসির বাজারের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাগো এক সময় আড়ত ছিল। প্রতিদিন হাজার হাজার টাকার বেচাকেনা করতাম। আর এহন ফুটপাতে বইসে তরকারি বিক্রি করি। কোনো কোনো দিন ব্যবসা হলি পরিবার নিয়ে কয়ডা খাতি পারি। আর বাকি দিনগুলা অর্ধাহারে-অনাহারে থাকতি হয়। আমাগের আর বাঁচার পথ নেই’—কথাগুলো বললেন নগরে হাজী রাহেজ উদ্দিন (নিরালা) পাইকারি কাঁচা বাজারের এক সময়ের আড়ৎদার শেখ আলী আকবার। বাজার কমিটির কয়েকজন নেতার কারসাজি ও অর্থ-বাণিজ্যের কারণে তিনিসহ ৩৪ জন আড়ৎদার টার্মিনাল এলাকায় স্থানান্তরিত বাজারে তাঁদের ঘর বুঝে পাননি। আড়ৎ হারিয়ে উপার্জনের অভাবে তাঁরা এখন পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। পাইকারি বাজারের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বাজারটি নগরের নিরালা এলাকা থেকে সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালে স্থানান্তরের সময় ষড়যন্ত্রমূলকভাবে এসব আড়ৎদারকে বঞ্চিত করা হয়। আড়ৎ না থাকায় পরিবার নিয়ে বহু কষ্টে আমাদের দিন কাটে।’ ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশন ২০০৮ সালের ১৩ মার্চ হাজী রাহেজ উদ্দিন পাইকারি কাঁচা বাজারটি খুলনা নগরের নিরালা থেকে সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল এলাকায় স্থানান্তর করে। এ সময় বাজারের ১৩৫ জন ব্যবসায়ীকে পুনর্বাসন করা হবে বলে কর্তৃপক্ষ ব্যবসায়ীদের আশ্বস্ত করে। কিন্তু আড়াই বছর পেরিয়ে গেলেও তাঁদের মধ্যে ৩৪ জন টার্মিনাল এলাকায় ঘর বুঝে পাননি। ব্যবসায়ী শওকত হোসেন অভিযোগ করেন, ‘তিনি সিটি করপোরেশন থেকে একটি ঘর বরাদ্দ পান। কিন্তু বাজার কমিটির তৎকালীন সভাপতি নজরুল ইসলাম ও অন্য নেতারা বরাদ্দের কাগজটি গোপন রেখে তাঁকে খেলাপি দেখান এবং পরে ঘরটি অন্যের কাছে বিক্রি করে দেন। কেসিসি পাইকারি কাঁচা বাজারের সদস্যসচিব মো. নাসির জানান, এখানে নিরালা কাঁচা বাজারের প্রকৃত ব্যবসায়ীদের অনেকে ঘর পাননি। তাঁরা এখন পথে পথে ঘুরছেন। অথচ, বাজারের বর্তমান আহ্বায়ক নজরুল ইসলাম ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর রাশেদসহ প্রভাবশালী ব্যক্তিদের অনেকে নামে-বেনামে অনেকগুলো ঘর বরাদ্দ নিয়েছেন। সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক জানান, যেসব প্রকৃত ব্যবসায়ী ঘর পাননি, তাঁদের বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আর যাঁরা নামে-বেনামে একাধিক ঘর নিয়েছেন তাঁদের কাছ থেকে ঘরগুলো উদ্ধার করে প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। বাজার কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, বাজার স্থানান্তরের সময় এসব ব্যবসায়ী এখানে আসতে চাননি। তার পরও তাঁদের অনেককে ঘর বরাদ্দ দেওয়া হলে পেছনের দিক হওয়ায় তাঁরা সেখানে বসেননি। একাধিক ঘর বরাদ্দ নেওয়ার কথা তিনি অস্বীকার করেন।