আবারও পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলের সঙ্গে কোকেন আনার ঘটনায় আটক গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করতে আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম এ আদেশ দেন।

এর আগে গত ৩০ জুন তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের কর্মী গোলাম মোস্তফাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান আদালত।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে জানান, পাঁচ দিনের রিমান্ড শেষ হওয়ার পর গোলাম মোস্তফাকে আজ বৃহস্পতিবার আবার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আরও পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। এতে তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তিনি কিছু বিভ্রান্তিকর তথ্যও দিয়েছেন। এ জন্য তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। পরে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান জানান, আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্যই আসামিকে আবার রিমান্ডে নেওয়া হয়েছে।

গত ৬ জুন কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের একটি চালান চট্টগ্রাম বন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওইদিন রাতেই চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আটক করা হয় আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মী গোলাম মোস্তফাকে। ২৭ জুন তেলের চালানের একটি ড্রামে কোকেন শনাক্ত হয়। এ ঘটনায় মাদক আইনে বন্দর থানায় মামলা করে পুলিশ। ২ জুলাই এই মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আসামিরা হলেন মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, কসকো বাংলাদেশ শিপিং লাইন লিমিটেডের ব্যবস্থাপক এ কে আজাদ ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল। গত ৩০ জুন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।