কোকেন জব্দ মামলার আসামি নূর মোহাম্মদের রিমান্ড
চট্টগ্রাম বন্দরে তেলের চালানে কোকেন শনাক্তের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি নূর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলী শুনানি শেষে এ আদেশ দেন।
গত শুক্রবার নগরের খাতুনগঞ্জের খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই দিনই র্যাব তাঁকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ডের আবেদন করে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, শুনানি শেষে আদালত আসামি নূর মোহাম্মদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তাঁকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে র্যাবকে নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলে আদালত না নাকচ করে দেন।
গত বছরের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বলিভিয়া থেকে সূর্যমুখী তেলের এই চালানটি উরুগুয়ের মন্টিভিডিও বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয় গত ১২ মে। চট্টগ্রামের খাতুনগঞ্জের খান জাহান আলী লিমিটেডের নামে চালানটি আনা হয়। চালানটি ধরা পড়ার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নূর মোহাম্মদ দাবি করেন, কেউ তাঁর প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে। এই পণ্য আমদানির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই।
গত বছরের ২৭ জুন ওই তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত করে। কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় গত ২৭ জুন নূর মোহাম্মদসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে গত বছরের ১৯ নভেম্বর চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ এজাহারভুক্ত আসামি নূর মোহাম্মদকে বাদ দিয়ে লন্ডনপ্রবাসী দুই বাংলাদেশিসহ আটজনকে আসামি করে অভিযোগপত্র দেয়। ৭ ডিসেম্বর আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে র্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।