কোকেন জব্দের মামলায় নুর মোহাম্মদের জামিন নামঞ্জুর
চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের সঙ্গে কোকেন জব্দের মামলার আসামি আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন।
নুর মোহাম্মদের আইনজীবী ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল প্রথম আলোকে বলেন, মামলার এজাহারে নাম থাকলেও পুলিশের দেওয়া অভিযোগপত্রে নুর মোহাম্মদের নাম না থাকা, বয়স্ক ও অসুস্থ হওয়া, কারাগারে থাকায় ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি হওয়া এবং জামিনে গেলে পলাতক হবেন না—এসব বিষয় তুলে ধরে জামিনের আবেদন করা হয়।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, উচ্চ আদালত আসামি নুর মোহাম্মদের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন। গ্রেপ্তার আসামিদের জবানবন্দিতে তাঁর নাম রয়েছে। আদালতকে এসব বিষয় জানানোর পর উভয় পক্ষের শুনানি শেষে তাঁর জামিন আবেদন নাকচ করে দেন বিচারক।
২০১৫ সালের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল রয়েছে। ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। সেদিনই কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানার উপপরিদর্শক (এসআই) উসমান গণি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত হয়। মামলায় চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফাকে আসামি করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় অনেককে।
চালানটি ধরা পড়ার সাড়ে চার মাস পর চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান গত বছরের ১৯ নভেম্বর আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। কিন্তু আদালত অভিযোগপত্র গ্রহণ না করে র্যাবকে দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
মামলার তদন্তের দায়িত্ব নিয়ে চলতি বছরের ১৫ জানুয়ারি চালানটির আমদানিকারক নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে র্যাব। তাঁকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।