কোকেন মামলায় অভিযোগপত্র না নিয়ে আরও তদন্তের নির্দেশ
চট্টগ্রাম বন্দরে তেলের চালানে কোকেন শনাক্তের মাদক মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ না করে অধিকতর তদন্তে র্যাবকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মো. রহমত আলী শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দেওয়া অভিযোগপত্র গ্রহণ না করে র্যাবকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন। আদেশে অতিরিক্ত পুলিশ সুপার পদের নিচে না—এমন কোনো কর্মকর্তাকে দিয়ে তদন্ত করতে বলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান গত ১৯ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেন। পরে আদালত এটি গ্রহণের শুনানির জন্য আজ দিন ধার্য রাখেন।
কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় গত ২৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা হয়। পরে আদালতের নির্দেশে চোরাচালানের অভিযোগে এই মামলায় বিশেষ ক্ষমতা আইনের ধারাও সংযোজন করা হয়। তবে বিশেষ ক্ষমতা আইনের ধারায় পৃথক অভিযোগপত্রটি এখনো দেয়নি ডিবি পুলিশ।
আদালত সূত্র জানায়, অভিযোগপত্রে জব্দ হওয়া কোকেনের চালানের গন্তব্য গোয়েন্দা পুলিশ (ডিবি) সাড়ে চার মাসের তদন্তেও বের করতে পারেনি। তেলের চালানে কোকেন শনাক্ত করার ঘটনায় লন্ডনপ্রবাসী দুই বাংলাদেশিসহ আটজনকে আসামি করা হয় অভিযোগপত্রে। এতে উল্লেখ করা হয়েছে, চালানটিতে ৩৭০ লিটার তরল কোকেন রয়েছে। সাক্ষী রাখা হয়েছে ৫৮ জনকে।
গত ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরপর ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত করা হয়। প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল রয়েছে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত করে।
অভিযোগপত্রে যে আটজনকে আসামি করা হয়েছে, তাঁরা হলেন লন্ডনপ্রবাসী চাঁদপুরের ফরিদগঞ্জের ফজলুর রহমান ও মৌলভীবাজারের রাজনগরের বকুল মিয়া, তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা, কসকো বাংলাদেশ শিপিং লাইনসের ব্যবস্থাপক এ কে আজাদ, পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী আলম, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল আলম ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল। এর মধ্যে আসামি ফজলুর রহমান ও বকুল মিয়া পলাতক। গত ১৮ নভেম্বর জামিনে ছাড়া পেয়েছেন সাইফুল আলম। অন্য পাঁচ আসামি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
অভিযোগপত্রে তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেড চেয়ারম্যান নূর মোহাম্মদকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। যদিও মামলার এজাহারে তাঁর নাম ছিল। অভিযোগপত্রে বলা হয়েছে, তদন্তে চালানটি আনার পেছনে নূর মোহাম্মদের জড়িত থাকার তথ্য মেলেনি। তাঁর অগোচরে গোলাম মোস্তফা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে চালানটি দেশে আনতে বকুল মিয়াকে সহায়তা করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, লন্ডন থেকে আসামি ফজলুর রহমান চলতি বছরের শুরুর দিকে তাঁর শ্যালক মেহেদী আলমকে কোকেনের চালানটি আনার বিষয়ে জানান। মেহেদী তাঁর মামাতো ভাই গোলাম মোস্তফাকে বিষয়টি জানান। এরপর দুজনে ফজলুর রহমানের সঙ্গে মুঠোফোন ও ই-মেইলে যোগাযোগ করেন। পরে লন্ডন থেকে ফজলুর রহমান খানজাহান আলী লিমিটেডের নাম-ঠিকানা ব্যবহার করে সূর্যমুখী তেলভর্তি ১০৭টি ড্রামের বিএল (পণ্যের মালিকানা দলিল) গোলাম মোস্তফার কাছে কুরিয়ারে পাঠান।