কোকোর জানাজা বায়তুল মোকাররমে, দাফন সামরিক কবরস্থানে
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা আজ মঙ্গলবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।
গতকাল সোমবার রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, মালয়েশিয়া থেকে আজ বেলা সাড়ে ১১টায় আরাফাত রহমানের মরদেহ ঢাকায় পৌঁছাবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করবেন আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমানসহ বিএনপির কেন্দ্রীয় পাঁচ নেতা। মরদেহ সরাসরি গুলশানে নেওয়া হবে। সেখানে কেবল পরিবারের সদস্যরা থাকবেন। দলীয় নেতা-কর্মীদের সেখানে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
পরিবারের সদস্যরা শেষবারের মতো দেখার পর মরদেহ নেওয়া হবে বায়তুল মোকাররম মসজিদে। সেখানে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে নিয়ে মরদেহ দাফন করা হবে।
নজরুল ইসলাম খান বলেন, আরাফাত রহমান অরাজনৈতিক ব্যক্তি ছিলেন। তাই রাজনৈতিক দলসহ সব শ্রেণি-পেশার মানুষকে জানাজায় অংশ নিতে আহ্বান জানান তিনি।
আরাফাত রহমান গত শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন কুয়ালালামপুরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রগুলো জানায়, প্রথমে চিন্তা ছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরাফাত রহমানের জানাজা হবে। পরে খালেদা জিয়ার নির্দেশে বায়তুল মোকাররমে জানাজার আয়োজন করা হচ্ছে। কারণ হিসেবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আরাফাত রহমান কখনো বিএনপি বা অন্য কোনো দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এ কারণে দলীয় কার্যালয়ের সামনে জানাজা না করার সিদ্ধান্ত হয়েছে।
কূটনৈতিক, ব্যবসায়ী নেতা, রাজনীতিকদের সমবেদনা: শোকার্ত খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গতকালও কূটনৈতিক, রাজনীতিক, ব্যবসায়ী নেতাসহ অনেকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন। তাঁদের কারও সঙ্গে খালেদা জিয়ার দেখা হয়নি। তাঁরা কার্যালয়ের নিচতলায় রাখা শোকবইতে স্বাক্ষর করেন। খালেদা জিয়া কার্যালয়ের দ্বিতীয় তলায় নিজ কক্ষে অবস্থান করছেন। ঘনিষ্ঠ পারিবারিক সদস্য ছাড়া আর কারও সঙ্গে দেখা দিচ্ছেন না তিনি।
গতকাল দিনের বিভিন্ন সময়ে গুলশান কার্যালয়ে গেছেন ঢাকায় নিযুক্ত নরওয়ে, নেপাল, ফিলিপাইন, স্পেন, তুরস্ক, কুয়েত, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিকেরা।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আসে। প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন মেট্রো চেম্বারের (এমসিসিআই) সাবেক সভাপতি রোকিয়া আফজাল রহমান, মেট্রো চেম্বারের সাবেক সভাপতি লতিফুর রহমান, এফবিসিসিআইর সাবেক তিন সভাপতি মীর নাসির হোসেন, আনিসুল হক ও এ কে আজাদ, বিজিএমইএর বর্তমান সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুসসহ বেশ কয়েকজন ব্যবসায়ী নেতা।
প্রতিনিধিদের পক্ষে আতিকুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন, ‘আমরা আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এখানে এসেছি। শোকবইয়ে স্বাক্ষর করেছি। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আমাদের দেখা হয়নি।’
এর আগে জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা ও আকরাম খান, সাবেক ফুটবলার আমিনুল ইসলামসহ ক্রীড়াঙ্গনের বেশ কয়েকজন ব্যক্তি, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী গুলশান কার্যালয়ে আসেন। তাঁরা শোকবইয়ে স্বাক্ষর করেন। এ ছাড়া সকাল থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কার্যালয়ের বাইরে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন।