কোকোর জানাজায় বিপুল উপস্থিতি, বনানীতে দাফন

মা খালেদা জিয়ার কাছ থেকে অশ্রুসিক্ত বিদায় এবং বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজার পর গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে আরাফাত রহমান কোকোকে। পরিবারের সদস্য, বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কর্মীরা দাফন শেষে মোনাজাত করেন।
এর আগে বেলা পৌনে তিনটায় গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে আরাফাত রহমানের মরদেহকে শেষ বিদায় দেন মা খালেদা জিয়া। সেখান থেকে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী-সমর্থকের ভিড় ঠেলে প্রায় সোয়া এক ঘণ্টা পর বিকেল পৌনে পাঁচটায় মরদেহ পৌঁছায় বায়তুল মোকাররমে। সেখানে জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিনের ইমামতিতে সোয়া পাঁচটায় জানাজা হয়। একই সঙ্গে বিএনপির উদ্যোগে সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
বায়তুল মোকাররম মসজিদের জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বায়তুল মোকাররম মসজিদের ভেতর ভরে মানুষ দক্ষিণ গেট থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, মহানগর নাট্যমঞ্চ, জিপিও মোড় পর্যন্ত সড়কে অবস্থান নেন। অন্যদিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড়, জাতীয় ক্রীড়া পরিষদ, দৈনিক বাংলা মোড় হয়ে জনতা ব্যাংক ভবন পর্যন্ত হাজারো মানুষ সমবেত হন। এ ছাড়া জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড, বিজয়নগর সড়কে অনেক মানুষের ভিড় ছিল।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান গত শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন মালয়েশিয়ায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তিন দিন পর গতকাল দুপুর পৌনে ১২টায় তাঁর মরদেহ ঢাকায় আসে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা মরদেহ গ্রহণ করেন। এ সময় সেখানেও বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। মরদেহের সঙ্গে একই ফ্লাইটে আসেন কোকোর স্ত্রী ও দুই মেয়ে, মামা শামীম এস্কান্দার।
আরাফাত রহমানের জানাজা অনুষ্ঠানকে ঘিরে বিমানবন্দর থেকে বায়তুল মোকাররম মসজিদ পর্যন্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে ছিল। বায়তুল মোকাররম মসজিদের আশপাশ, পুরানা পল্টন এলাকায় সবধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। দুপুর থেকে বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ ফটক এবং পুরানা পল্টন মোড়ে পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নেন। দুই ফটকে ছিল সাঁজোয়া যান ও জলকামান। পুলিশ উঁচু ভবন থেকে অর্ধশত ভিডিও ক্যামেরা দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করে।

জানাজার পর সাড়ে পাঁচটায় মানুষের ভিড় ঠেলে কফিনবাহী গাড়ি বের করতে নিরাপত্তাকর্মীদের হিমশিম খেতে হয়। সেখান থেকে মরদেহবাহী গাড়ি বনানীর সিটি করপোরেশনের কবরস্থানে পৌঁছায় ৬টা ২০ মিনিটে।
এর আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, বনানীর সামরিক কবরস্থানে কোকোকে দাফন করা হবে। পরে গতকাল দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ২০-দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাংবাদিকদের বলেন, অজ্ঞাত কারণে কোকোকে বনানী সামরিক কবরস্থানে দাফনের অনুমতি মেলেনি। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের ছেলে হিসেবে কোকোর দাফন সামরিক কবরস্থানে হতে পারে। এর জন্য গত সোমবার কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল।
বেলা দেড়টার দিকে কোকোর মরদেহ বহনকারী গাড়ি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পৌঁছায়। বিএনপির পক্ষ থেকে নেতা-কর্মীদের গুলশান কার্যালয়ে যেতে নিষেধ করা হয়েছিল। তার পরও সেখানে ভিড় করেন হাজারো নেতা-কর্মী। মরদেহের কফিন কার্যালয়ের ভেতরে নিচতলায় রাখা হয়। সেখানে আত্মীয় ও দলের জ্যেষ্ঠ নেতা ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি। খালেদা জিয়া ও তাঁর পরিবারের সদস্যরা ছিলেন। এর বাইরে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলীসহ ওই কার্যালয়ের কর্মকর্তা এবং মহিলা দলের কয়েকজন নেত্রী ছিলেন।
কার্যালয়ের ভেতরে থাকা একজন প্রথম আলোকে বলেন, মরদেহ আনার কয়েক মিনিট পর খালেদা জিয়া দ্বিতীয় তলা থেকে নেমে আসেন। তিনি প্রথমে কিছুটা নির্বাক ছিলেন। একটু পর কফিনে থাকা আরাফাতের মুখ দুই হাতে ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় কফিনের পাশে বসে কোকোর দুই মেয়ে জাফিয়া ও জাহিয়াকে জড়িয়ে ধরেও কাঁদতে দেখা যায় খালেদা জিয়াকে। তাঁকে দুই পাশ থেকে ধরে রাখেন পুত্রবধূ শর্মিলা এবং দুই ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদ ও কানিজ ফাতেমা। পরে ছেলের মরদেহের পাশে বসেই মোনাজাত করেন খালেদা জিয়া। পাশের আরেকটি কক্ষে কোরআন তিলাওয়াত চলছিল।
পরিবারের সদস্যরা শেষবারের মতো দেখার পর আরাফাতের মরদেহ গুলশান কার্যালয় থেকে বায়তুল মোকাররমের উদ্দেশে রওনা হয়। মরদেহবাহী গাড়ির পেছনে কয়েক হাজার নেতা-কর্মী শোভাযাত্রা করে আসেন। এ সময় মা খালেদা জিয়া অশ্রুসিক্ত হয়ে গুলশান কার্যালয়ের মূল ফটকে দাঁড়িয়ে ছেলেকে বিদায় জানান।
জানাজায় বিভিন্ন দলের নেতাদের অংশগ্রহণ: বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই বায়তুল মোকাররমে আরাফাত রহমানের জানাজায় অংশ নিয়েছেন। এ ছাড়া শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষও জানাজায় অংশ নেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, খন্দকার মাহবুব হোসেন, ইনাম আহমেদ চৌধুরী, মীর মুহাম্মদ নাসির, মোসাদ্দেক আলী ফালু, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, জামায়াতে ইসলামীর মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মুজিবুর রহমান (মঞ্জু), এলডিপির সভাপতি অলি আহমদ, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, খেলাফত মজলিসের মুহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) সভাপতি ফেরদৌস আহমেদ কোরেশী, চরমোনাইর পীরের দল ইসলামী আন্দোলনের এ টি এম হেমায়েত উদ্দিন, এনডিপির গোলাম মোর্তুজা, ন্যাপের জেবেল রহমান গাণি প্রমুখ।