কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে গতকাল বনানী কবরস্থানে দোয়া করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া l ছবি: প্রথম আলো
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে গতকাল বনানী কবরস্থানে দোয়া করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া l ছবি: প্রথম আলো

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল দুপুরে বনানী করবস্থানে কোকোর কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া করেন খালেদা জিয়া। ছেলের কবর জিয়ারতের সময় খালেদা জিয়া কান্নায় ভেঙে পড়েন। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে কোকোর শ্বশুড়-শাশুড়ি, ছোট মামিসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া গুলশানে খালেদা জিয়ার বাসভবন, গুলশান কার্যালয়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রমুখ শীতবস্ত্র বিতরণ করেন।
এ ছাড়া বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগরে কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত বছরের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। ২৮ জানুয়ারি কোকোর মরদেহ দেশে আনা হয়। ওই দিনই বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।