বরিশাল সরকারি মহিলা কলেজের বাংলার শিক্ষক ওবায়দুর রহমান তালুকদারের বিরুদ্ধে প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষার আগে কোচিংয়ের শিক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় তদন্ত কমটি গঠন করা হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল কলেজের প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা শুরু হয়। ৪ মে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা হয়। পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী অংশের পৃথক প্রশ্নপত্র সরবরাহ করা হয়।
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বলে, বাংলা বিভাগের শিক্ষক ওবায়দুর রহমান তালুকদারের বাংলা শিখন কোচিং সেন্টারের দেওয়া বহুনির্বাচনী প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল রয়েছে। শুধু নম্বরগুলো এলোমেলো করা আছে।
বাংলা বিভাগের প্রধান শুকদেব চন্দ্র মজুমদারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া গেছে। ওবায়দুর রহমান তালুকদারের মুঠোফোনে চেষ্টা করে তাঁকেও পাওয়া যায়নি।
অধ্যক্ষ এ কে এম এনায়েত হোসাইন বলেন, ওবায়দুর রহমানের কোচিং সেন্টারের প্রশ্নপত্রের সঙ্গে বার্ষিক পরীক্ষার প্রশ্নের মিল থাকার প্রমাণ পাওয়া গেছে। তার পরও গতকাল রোববার বিভাগীয় বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।