কোচিংনির্ভরতায় পিছিয়ে পড়ছে দিনাজপুরের শিক্ষার্থীরা
দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা ২০-এর তালিকা থেকে পিছিয়ে পড়ছে দিনাজপুরের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আর মেধাতালিকা থেকে পিছিয়ে পড়ার কারণ হিসেবে ‘কোচিংনির্ভরতা’ এবং শিক্ষকদের আন্তরিকতার অভাবকে দায়ী করেছেন শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকেরা৷
গতকাল শনিবার প্রকাশিত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা গেছে, দিনাজপুর জিলা স্কুলের অবস্থান সেরা ২০-এর তালিকায় ১১তম ও দিনাজপুর সরকাির বালিকা উচ্চবিদ্যালয় ১৯তম৷ এ ছাড়া শহরের অন্যতম সেন্ট ফিলিপস্ হাইস্কুল, কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন উচ্চবিদ্যালয়, সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়সহ শহরের বিভিন্ন নামকরা স্কুল সেরার তালিকাতেই নেই৷ অথচ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকি রেসিডেনসিয়াল মডেল স্কুল চতুর্থ, বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমি ১৭তম ও বিরামপুরের আদর্শ উচ্চবিদ্যালয় ২০তম স্থানে রয়েছে৷
দিনাজপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও দিনাজপুর মেডিকেল কলেজের সার্জাির বিভাগের চিকিৎসক এ টি এম জিল্লুর রহমান বলেন, রাজশাহী বোর্ডের অধীনে থাকতে ১৬ জেলার এক হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দিনাজপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সেন্ট ফিলিপস্ হাইস্কুল সেরা ১০-এর তালিকায় থাকত। বর্তমানে দিনাজপুরে শিক্ষা বোর্ড হলেও নীলফামারী, সৈয়দপুর এমনকি উপজেলার স্কুলগুলোও ভালো করছে৷ অথচ সেই তুলনায় শহরের স্বনামধন্য স্কুলগুলো ক্রমেই পিছিয়ে পড়ছে।
দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. শাহিন আকতার বলেন, বিদ্যালয়ের চেয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে কোচিংয়ে আগ্রহ বেড়েছে৷ অন্যদিকে দিনাজপুরের কোচিংগুলো মানসম্মত না হলেও ভালো ফলাফলের প্রতিশ্রুতি দিচ্ছে। আর মনভোলানো প্রতিশ্রুতিতে শিক্ষার্থী ও অভিভাবকেরা আকৃষ্ট হচ্ছেন। এ কারণে কোচিংয়ে মনোযোগ দিয়ে শিক্ষার্থীরা স্কুলে আসছে না। ফলে পরীক্ষায় ফল বিপর্যয় ঘটছে৷
জিলা স্কুলের গণিতের শিক্ষক পদ্ম পলাশ মণ্ডল বলেন, দিনাজপুরের মতো এত বেশিসংখ্যক কোচিং সেন্টার রংপুর বা অন্য কোনো জেলাতেও নেই। তা ছাড়া কোচিং সেন্টারগুলোর মানও ভালো নয়। ভালো ফলাফলের জন্য কোচিংনির্ভরতা কমানোর বিকল্প নেই৷
দিনাজপুর কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুল ইসলাম বলেন, দিনাজপুরের শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, মনীষীদের জীবনী, ভ্রমণ, ইতিহাস, বিজ্ঞানমূলক কোনো ধরনের বই পড়ে না। অভিভাবকেরাও উৎসাহিত করেন না। অপরদিকে কোচিং সেন্টারগুলোও সংস্কৃতিচর্চা ও খেলাধুলার প্রতি নজর দেয় না৷ এমনকি ছুটির দিনগুলোতে তারা শিশুদের পরীক্ষা নেয়। এতে করে শিশুদের মানসিক বিকাশ হচ্ছে না৷
আশীষ কুমার দত্ত নামে জিলা স্কুলের শিক্ষার্থীর এক অভিভাবক বলেন, দিনাজপুর ভারতের সীমান্তবর্তী শহর হওয়ায় কিশোরেরা সহজেই মাদকাসক্ত হচ্ছে। এ ছাড়া মুঠোফোন-ইন্টারনেটের অপব্যবহার কোচিং সেন্টার থেকেই ছড়িয়ে পড়ছে৷
দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম বলেন, প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শহরের স্কুলগুলোতে শিক্ষার্থীদের ভর্তি করা হলেও কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পরিচর্যায় তেমন নজর দেয় না৷ এ কারণে ফল খারাপ হচ্ছে৷
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বলেন, রংপুর ও নীলফামারী যেভাবে শিক্ষানগর হিসেবে গড়ে উঠছে, দিনাজপুরে তা হচ্ছে না। নামে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও মান ভালো নয়৷ শিক্ষার্থীদের পরিচর্যার ব্যাপারে শিক্ষকেরাও আন্তরিক নন।
তোফাজ্জুর রহমান বলেন, চিরিরবন্দর, বোচাগঞ্জ এবং বিরামপুরের মতো উপজেলার স্কুলগুলো যেখানে বোর্ডের সেরা ২০-এর তালিকায় স্থান করে নিচ্ছে, সেখানে দিনাজপুর শহরের স্কুলগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কোচিংনির্ভরতা ও শিক্ষকদের আন্তরিকতা না বাড়লে ভবিষ্যতে দিনাজপুরের স্কুলগুলো আরও পিছিয়ে পড়বে৷