কোচিংয়ের নামে বাণিজ্য প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ে বাধ্যতামূলক মডেল টেস্ট ও কোচিংয়ের নামে বাণিজ্যের অভিযোগে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। গতকাল বৃহস্পতিবার শহরে ওই বিক্ষোভ করা হয়। এরপর জেলা প্রশাসক সায়মা ইউনুসের কাছে একটি লিখিত অভিযোগ করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক নুর-ই-আলম মোর্শেদা বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সিদ্ধান্ত না নিয়ে একাই এসব করছেন। জেলা প্রশাসক অভিযোগ তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবদুর রাজ্জাককে দায়িত্ব দিয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, চলতি শিক্ষাবর্ষে এ পর্যন্ত অর্ধেক দিনও বিদ্যালয়ে পাঠদান করানো হয়নি। এর মধ্যেই বাধ্যতামূলকভাবে কোচিং করানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় বছরে দুটির বেশি পরীক্ষা গ্রহণে নিষেধ করার পরও ১৩ সেপ্টেম্বর থেকে মডেল টেস্ট নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
অভিভাবক আতাউর রহমান বলেন, কোনো রকম পূর্বপ্রস্তুতি ছাড়াই এভাবে পরীক্ষা নেওয়া কতটা ঠিক বোঝা যাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একাধিক শিক্ষক অভিযোগ করেন, প্রধান শিক্ষক নুর-ই-আলম মোর্শেদা চলতি বছরের ৩ মার্চ যোগদানের পর থেকে স্বেচ্ছাচারিতা শুরু করেছেন। কারও সঙ্গে পরামর্শ ছাড়াই প্রতিটি শ্রেণিতে শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। শিক্ষকস্বল্পতার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। সেদিকে তাঁর নজর নেই। অন্যান্য বিদ্যালয়ে অপেক্ষাকৃত দুর্বলদের জন্য কোচিংয়ের ব্যবস্থা থাকলেও এখানে সবার জন্য কোচিংয়ের ব্যবস্থা করেছেন।
তাঁরা আরও বলেন, বছরে নিয়মিত পরীক্ষার বাইরে মডেল টেস্টের নামে আরও দুটি করে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর আগে কোনো রকম প্রস্তুতি ছাড়াই পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির মডেল টেস্ট নেওয়া হয়। আবার ১৩ সেপ্টেম্বর থেকে তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মডেল টেস্ট নেওয়া হবে। এ জন্য প্রতিটি বিষয়ে ২৫ টাকা হারে পরীক্ষার ফি আদায় করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ শিক্ষক বলেন, সাবেক প্রধান শিক্ষক কিশোরী মোহন সরকার মার্চ মাসে বদলি হয়ে যাওয়ার সময় বিদ্যালয়ের তহবিলে প্রায় ৩৩ লাখ টাকা রেখে যান। নুর-ই-আলম মোর্শেদা যোগদানের পর থেকে তহবিলের টাকা আত্মসাৎ করছেন। কিশোরী মোহন তহবিল রেখে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
কোনো ধরনের অনিয়ম বা বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে প্রধান শিক্ষক নুর-ই-আলম মোর্শেদা বলেন, অর্ধবার্ষিক পরীক্ষায় বিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে বিদ্যালয়ে কোচিং ও মডেল টেস্ট পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, ছাত্রদের সঙ্গে আলাপ করে মডেল টেস্ট নেওয়ার সময় এক মাস পিছিয়ে দেওয়ার জন্য প্রধান শিক্ষককে বলা হয়েছে। ছাত্র ও অন্যদের কাছ থেকে অভিযোগ তদন্তে উদ্যোগ নেওয়া হয়েছে।