কোটালীপাড়ায় নির্মল সেনের ৮৪তম জন্মদিন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক ও মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৮৪তম জন্মদিন গতকাল রোববার গোপালগঞ্জের কোটালীপাড়ায় উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগস্ট ওই উপজেলার দীঘিরপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। নির্মল সেন জন্মদিন উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌরসভার মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান ও লক্ষ্মী রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, খান চমন-ই-এলাহী, মোজ্জাম্মেল হোসেন, এস এম হুমায়ুন কবীর ও মিজানুর রহমান, শিক্ষক সহদেব বৈদ্য ও দেবতোষ দে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, নির্মল সেনের ভাগ্নে প্রলয় সেন গুপ্ত, ভাতিজা রতন সেন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা নির্মল সেনের শেষ ইচ্ছা অনুযায়ী নিজ বাড়িতে দান করা জায়গায় তাঁর নামে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠায় সরকারের কাছে দাবি জানান।
স্কুলজীবনে ভারত ছাড় আন্দোলনে যোগ দেওয়ার মাধ্যমে রাজনৈতিক জীবনের শুরু নির্মল সেনের। দীর্ঘদিন তিনি শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। ১৯৬১ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগ দিয়ে তিনি সাংবাদিক জীবন শুরু করেন। ২০১২ সালের ৮ জানুয়ারি পরলোকগমন করেন এই গুণী সাংবাদিক।