কোটি টাকা উদ্ধার: জামায়াতের রোকনসহ পাঁচজনের রিমান্ড
কোটি টাকা উদ্ধারের ঘটনায় রাজধানীর রামপুরা থানায় করা দুই মামলায় জামায়াতের রোকন গিয়াসউদ্দিনসহ পাঁচজনের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম ইউসুফ হোসেন এ আদেশ দেন।
অপর চার আসামি হলেন আমিনুর রহমান, আবুল হাশেম, ওসমান গনি ও শাফায়েতুর রহমান।
এই পাঁচজনের বিরুদ্ধে অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ। এর আগে আসামিদের আদালতে হাজির করে প্রত্যেক মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল শনিবার বনশ্রীর বি ব্লকের ৬ নম্বর রোডের ১৭ নম্বর বাসা থেকে এক কোটি ৪৭ হাজার টাকাসহ বিভিন্ন জিহাদি বই এই আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়। এই আসামিরা নাশকতার উদ্দেশ্যেই একত্র হয়ে সরকারবিরোধী ও নাশকতার পরিকল্পনা করছিল। এ ঘটনায় পলাতক অন্যদের খুঁজে বের করতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
অপরদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে কারাফটকে জিজ্ঞাসাবাদের আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় প্রত্যেককে পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।