কোটি টাকা ঘুষ নিয়ে দপ্তরি নিয়োগ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে ঘুষ নিয়ে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপনে দপ্তরি কাম নৈশ প্রহরী নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিনকে গত বুধবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করেন, উপজেলার আওয়ামী লীগপন্থী দুই শিক্ষকনেতা উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগসাজশে দপ্তরি কাম নৈশ প্রহরীর প্রতিটি পদে চাকরি দিতে পাঁচ থেকে সাত লাখ টাকা নেন। এভাবে ১৮টি পদে অন্তত এক কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। ওই দুই শিক্ষকনেতা হলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বদরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। ঘুষের টাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, ওই দুইজন শিক্ষকনেতা ও স্থানীয় দুই জনপ্রতিনিধি ভাগাভাগি করে নিয়েছেন বলে শিক্ষকেরা অভিযোগ করেন।
অভিযোগ প্রসঙ্গে হাবিবুর রহমান বলেন, ‘এসব গুজব। আমি তো নিয়োগকারী কর্তৃপক্ষ না।’ আর ওয়াহিদুজ্জামান বলেন, ‘নিয়োগ দিচ্ছে শিক্ষা অফিস। আমি কেন টাকা নেব?’
ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল৷ এর পরও দপ্তরি কাম নৈশ প্রহরী পদে কীভাবে নিয়োগ দেওয়া হলো সে ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, ওই পদে নিয়োগ দিয়ে বিল-ভাতা ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। টাকা নিয়ে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। গোপনে নিয়োগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সব কিছু তো আইন দিয়ে হয় না। বিধি মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বন্ধ রাখার ইউএনওর নির্দেশনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ইউএনওর চিঠি বিধির মধ্যে পড়ে না। নিয়োগ পাওয়া প্রার্থীরা যোগ দেওয়ার পরেও বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন না কেন? জানতে চাইলে তিনি বলেন, সব কথা বলা যায় না। সমস্যা অনেক।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী বলেন, ‘আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে স্কুলগুলোতে ওই পদে মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। প্রার্থী নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগ আমার দপ্তরেও পড়েছে। এগুলো প্রমাণ করা মুশকিল। এই নিয়োগে আমি কোনো মতামতও দিইনি। আমার ঘুষ নেওয়ার প্রশ্নই আসে না।’
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আহসানুল হক চৌধুরী বলেন, ‘দপ্তরি কাম নৈশ প্রহরী পদের নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পর আমি এ বিষয়ে কোনো মতামত বা সুপারিশ করিনি। তা সত্ত্বেও নিয়োগ হয়ে গেছে। এবং সেটা বিধি মোতাবেকই হয়েছে৷’ দুর্নীতির অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নিলে তো আর এ নিয়োগ হতো না—জবাবে তিনি বলেন, ‘এটা ঠিক বলেছেন। তবে নিয়োগে আমি নিজে বা কোনো মাধ্যমে টাকা নিয়েছি—এটা প্রমাণ করতে পারলে যেকোনো শাস্তি মাথা পেতে নেব।’
তবে কয়েকজন চাকরিপ্রার্থী ও শিক্ষক সূত্রে জানা গেছে, নিয়োগ কমিটির সদস্যরাও প্রার্থীদের কাছ থেকে আলাদাভাবে ঘুষ নিয়েছেন৷ কোনো কোনো বিদ্যালয়ে একাধিক প্রার্থীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।
জানতে চাইলে রংপুর জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বলেন, ওই পদে নিয়োগে রংপুরের বিভিন্ন উপজেলা থেকে ৯০টি অভিযোগ পড়েছে। এ কারণে তদন্ত করতে সময় লাগছে। অভিযোগ প্রমাণিত হলে নিয়োগ দেওয়ার পরেও তা বাতিল করা হবে।
ইউএনও ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিধি অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য পৃথক তিন সদস্যবিশিষ্ট প্রার্থী বাছাই ও নিয়োগ কমিটি গঠন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক যথাক্রমে নিয়োগ কমিটির সভাপতি ও সচিব এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত একজন প্রতিনিধি কমিটির সদস্য। গত ১৬ মার্চ সংশ্লিষ্ট উপজেলা পরিষদ কার্যালয়ে ওই ১৮টি পদে আবেদনকারীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এরপর নিয়োগ কমিটি প্রতিটি বিদ্যালয়ে একজনকে নিয়োগ দিতে মেধাক্রম অনুযায়ী তিনজনের একটি প্রার্থী প্যানেল প্রস্তুত করে নিয়োগ অনুমোদনকারী কর্তৃপক্ষ ইউএনওর কাছে জমা দেন।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, ১৮টির মধ্যে ১১টি বিদ্যালয়ের নিয়োগ কমিটির বিরুদ্ধে ঘুষ নেওয়া ও দুর্নীতির লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়গুলো হলো উপজেলার খোর্দ্দবাগবাড়, রামনাথপুর, কাঁচাবাড়ি চৌপথিরহাট, কুতুবপুর অরুন্নেছা, রোস্তমাবাদ, গোপীনাথপুর খিয়ারডাঙ্গা, কালুপাড়া মহদিপুর, নেহার, শংকরপুর ঝাড়পাড়া, দক্ষিণ শিবপুর ও কালজানি মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়৷ ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ ১৫ এপ্রিল এসব অভিযোগ তদন্তের ব্যবস্থা নেওয়ার জন্য রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ে পাঠান৷ এ ছাড়া তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি ওই ১১টি বিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে ১২ এপ্রিল উপজেলা শিক্ষা কর্মকর্তাকে এক চিঠিতে নির্দেশ দেন। ইউএনওর নির্দেশ উপেক্ষা করে মে মাসের প্রথম সপ্তাহে গোপনে দপ্তরি কাম নৈশ প্রহরী পদে জনবল নিয়োগ দেওয়া হয়।