কোটি টাকার কাজ, দুই মাসেই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে ১৫ কিলোমিটার অংশের বেশির ভাগ স্থানে পাথর উঠে গিয়ে আগের অবস্থায় ফিরে গেছে। ছবিটি সম্প্রতি কুষ্টিয়ার বিসিক শিল্প নগর এলাকা থেকে তোলা l প্রথম আলো
কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে ১৫ কিলোমিটার অংশের বেশির ভাগ স্থানে পাথর উঠে গিয়ে আগের অবস্থায় ফিরে গেছে। ছবিটি সম্প্রতি কুষ্টিয়ার বিসিক শিল্প নগর এলাকা থেকে তোলা l প্রথম আলো

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার অংশ সংস্কারকাজ শেষ হয়েছিল দুই মাস আগে। কিন্তু এরই মধ্যে সংস্কারের জায়গাগুলো থেকে পাথর উঠে খানাখন্দে ভরে গেছে। ফিরে আসে আগের অবস্থায়।
স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, নিম্নমানের কাজ করার পর ঠিকাদারেরা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে বিল তুলে নিয়েছেন। এতে সরকারের কোটি টাকা জলে গেছে।
অভিযোগ অস্বীকার করে সওজের কর্মকর্তারা বলছেন, বৃষ্টির কারণে সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
কুষ্টিয়া সওজ জানায়, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কুষ্টিয়া অংশে ১৫ কিলোমিটার সংস্কারের জন্য এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ২০১৩ সালের শেষ দিকে দরপত্র আহ্বান করা হয়। ১৩টি ভাগে ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। এ বছরের জানুয়ারির দিকে কাজ শুরু হয়। কার্যাদেশে বলা ছিল, সড়কে সাত মিলিমিটার (০.২৮ ইঞ্চি) সিলকোট করতে হবে। ২৫ এপ্রিল সব ঠিকাদার কাজ শেষ করে কাজের পুরো টাকা তুলে নেন।
সরেজমিন ঘুরে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সড়কে সিলকোট করা ছোট ছোট পাথর উঠে গিয়ে গর্ত সৃষ্টি হওয়া শুরু হয়। এর মধ্যে বৃষ্টি হলে আরও দ্রুত পাথর উঠে যায়।
কাস্টমস মোড়, বিসিক এলাকা, চৌড়হাস, ভাদালিয়া, আলামপুর ও বৃত্তিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, পাথর উঠে সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। গর্তগুলোয় পানি জমে আছে।
বিসিক এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, ‘মাত্র দেড় মাস আগে কাজ হলো। এখন মনেই হচ্ছে না কাজ হয়েছে। পাথরগুলো উঠে গেছে।’
বটতৈল এলাকায় সড়কের পাশের কাঠ ব্যবসায়ী মশিউর রহমান বলেন, ‘কোনোরকম গোঁজামিল করে কাজ করে ঠিকাদারেরা চলে গেছেন। কয়েক দিন পর সড়ক যা তাই হয়ে গেছে। পাথর উঠে গর্ত হয়ে আছে।’
ট্রাকের চালক একরামুল হক বলেন, ‘কাজের কাজ কিছুই হয়নি। শুধু টাকা অপচয় করা হয়েছে। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই রাস্তার বেহাল অবস্থা।’
লাল নামের একজন ঠিকাদার দাবি করেন, ‘কাজ খুব ভালোভাবে করা হয়েছিল। কিন্তু বৃষ্টির পানিতে পাতলা সিলকোট টিকছে না। কাজে কোনো অনিয়ম বা গাফিলতি করা হয়নি।’
সড়ক বেহাল থাকার কথা অপকটে স্বীকার করে সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘ভাই, একূল গড়ি তো ওকূল ভাঙে। সড়কের দিকে তাকালে নিজেরই খুব কষ্ট লাগে। বৃষ্টির সাথে পেরে উঠতে পারছি না।’
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ‘নীতিমালা অনুসারে ঠিকাদারেরা এক বছর ওই সড়কের রক্ষণাবেক্ষণ করবেন। এ জন্য তাঁদের চিঠি দেওয়া হচ্ছে। না করলে তাঁদের মোট টাকার ১০ ভাগ জামানত আছে, তা বাজেয়াপ্ত করা হবে।’