ভোলার চরফ্যাশন পৌরসভার একটি জমির মালিকানা নিয়ে দুই ব্যক্তি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। দুজনই মুক্তিযোদ্ধা; আবার আওয়ামী লীগের নেতাও।
ভোলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আমির হোসেন গত বুধবার ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি অভিযোগ করেন, চরফ্যাশন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা শাহ মো. মফিজুল ইসলাম তাঁর (আমিরের) চরফ্যাশনের জিন্নাগড় মৌজার কোটি টাকা মূল্যের ২০ শতক জমি দখল করে নিয়েছেন। এ ক্ষেত্রে তিনি নিজের ছেলে বরিশাল কোতোয়ালি থানার ওসি আওলাদ হোসেনের প্রভাব খাটাচ্ছেন। জরিপ ও ভূমি অফিসের রায় তাঁর (আমিরের) পক্ষে গেলেও মফিজুল ইসলাম ওই জমিতে বালু ফেলে ভরাট করছেন।
তবে মফিজুল ইসলামের দাবি, ওই জমি তিনি আসল মালিকদের কাছ থেকে কিনেছেন। আমির হোসেন জাল দলিলের সম্পত্তি কিনে মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন মফিজুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ওই জমির রেকর্ডেও মালিক কালীমোহন দাস। তাঁর ওয়ারিশ রাধামণি দাস যাঁদের কাছে জমি বিক্রি করেন, সেই পক্ষের কাছ থেকে তিনি এ জমি কিনেছেন। অন্যদিকে মুক্তিযোদ্ধা আমির যার কাছ থেকে জমি কিনেছেন, তাঁর দলিল জাল। এরপরও তিনি প্রভাব খাটিয়ে ওই জমি দখলের চেষ্টা করেন। টাকা ও অর্থের বিনিময়ে তিনি জরিপ ও ভূমি অফিসের রায় পেয়েছেন। তিনি (মফিজুল) এর বিরুদ্ধে আপিল করবেন। এ খবর শুনেই আমির বুধবার সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ তুলেছেন।