যশোরের বেনাপোল পৌরসভার প্রবেশমুখে যশোর-বেনাপোল মহাসড়কের ওপর ফটকসহ প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে টোল সংগ্রহের কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এদিকে মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অনুমোদন হয়েছে। এ কারণে ফটকটি ভাঙতে হতে পারে বলে হুঁশিয়ার করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
পৌরসভা সূত্রে জানা গেছে, ৭ কোটি ৪৩ লাখ ৭ হাজার ৯৪০ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ওই স্থাপনা নির্মাণ করা হচ্ছে। স্থাপনার নকশায় রয়েছে বেনাপোল পৌরসভায় স্বাগত জানিয়ে বিশাল আকৃতির ফটক, ফটকের পাশে টোল সংগ্রহের ভবন, অতিথিশালা, প্রদর্শনী হল, গণশৌচাগার ও গাড়ি রাখার ব্যবস্থা। গত বছরের ১ নভেম্বর ঝিনাইদহের এমএলটি-এমকেএমআর-জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, ৫২ জন শ্রমিক ফটক নির্মাণের কাজ করছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় আট মাস ধরে তাঁরা সেখানে কাজ করছেন। নকশা অনুযায়ী, ইতিমধ্যে ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পুরো কাজ শেষ হতে পারে।
সওজ বিভাগের যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর কার্যালয়টির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল স্বাক্ষরিত চিঠিতে পৌরসভার মেয়রকে বলা হয়, সওজের বিনা অনুমতিতে ফটকসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যা মহাসড়ক আইন-১৯২৫-এর পরিপন্থী। এ মহাসড়কের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য হয়। যে কারণে মহাসড়কটি চার/ছয় লেনে উন্নীতকরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনাটি সড়ক সম্প্রসারণে বাধার সৃষ্টি করবে।
জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল প্রথম আলোকে বলেন, অপরিকল্পিতভাবে মহাসড়কের ওপর পৌর কর্তৃপক্ষ ফটকসহ স্থাপনা নির্মাণ করছে। মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অনুমোদন হয়েছে। প্রশস্তকরণের কাজ শুরু হলে নির্মাণাধীন ওই স্থাপনা ভাঙা পড়তে পারে। এ কারণে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য পৌর মেয়রকে মৌখিকভাবে একাধিকবার বলা হয়েছে। কিন্তু তিনি শোনেননি। অবশেষে তাঁকে চিঠি দেওয়া হয়।
পৌর মেয়র আশরাফুল আলম বলেন, যশোর-বেনাপোল সড়কের জায়গার মালিক জেলা পরিষদ। জেলা পরিষদ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় দৃষ্টিনন্দন ফটকসহ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। চার লেন সড়কের ওপরেই ফটকটি করা হচ্ছে। যে কারণে স্থাপনাটি মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজে বাধার সৃষ্টি করবে না।