কোথাও পার্কিংমুক্ত, কোথাও আবার দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশন নয়টি সড়ক পার্কিংমুক্ত ঘোষণা করেছিল। বেশ কয়েকটি সড়কে এ ঘোষণা কার্যকর আছে।  পার্কিংমুক্ত গাবতলী এলাকার ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
ঢাকা উত্তর সিটি করপোরেশন নয়টি সড়ক পার্কিংমুক্ত ঘোষণা করেছিল। বেশ কয়েকটি সড়কে এ ঘোষণা কার্যকর আছে। পার্কিংমুক্ত গাবতলী এলাকার ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার পার্কিংমুক্ত ঘোষিত নয়টি সড়কের অধিকাংশ এখনো পার্কিংমুক্ত থাকায় লোকজন চলাচলে স্বস্তি পাচ্ছেন। তবে কয়েকটি সড়কে যানবাহন রাখায় যানজট সৃষ্টি হচ্ছে। সব কটি সড়ক আবার পার্কিংমুক্ত করতে বিশেষ অভিযান চালানো হবে বলে সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে গত বছরের ডিসেম্বর ও জানুয়ারিতে মোহাম্মদপুর, কল্যাণপুর, গাবতলী, আমিনবাজার, মিরপুর ১২, আবদুল্লাহপুর, মহাখালী, তেজগাঁও, কারওয়ান বাজার এলাকাকে পার্কিংমুক্ত ঘোষণা করা হয়।
মোহাম্মদপুর থেকে প্রতিদিন বিভিন্ন রুটে তরঙ্গ প্লাস, এটিসিএল, মালঞ্চ, দীপন, মেশকাত, মিডওয়ে, ফাতেহসহ বিভিন্ন কোম্পানির শতাধিক বাস চলাচল করে। এসব বাস যাত্রা শুরু ও শেষ করত মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায়। সারা দিন এসব পরিবহনের বাসগুলো সড়কের অর্ধেকের বেশি অংশ দখল করে রাখায় বাসস্ট্যান্ড এলাকায় যানজট লেগেই থাকত।
গত বছরের ১ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার সড়ক থেকে বাস সরিয়ে নেওয়া হয় মোহাম্মদপুর বছিলা নতুন সড়কে। গতকাল শনিবার দেখা যায়, বছিলার নতুন সড়ক থেকে বাসগুলো এসে দীর্ঘক্ষণ মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছে। ফলে একসঙ্গে একাধিক পরিবহনের বাস দাঁড়িয়ে থাকায় সড়কে আবার যানজট সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) লিটন কুমার সাহা প্রথম আলোকে বলেন, গাবতলী এলাকাটি এখন বেশ ভালোভাবেই পার্কিংমুক্ত আছে। তবে মোহাম্মদপুর এলাকায় ইদানীং বেশ যানজট লাগছে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার যানজট কমাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
গত ২৯ নভেম্বর ডিএনসিসি কর্তৃপক্ষ তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার সড়কে থাকা ট্রাক-কাভার্ড ভ্যানগুলো ট্রাকস্ট্যান্ডের ভেতরে ঢোকানোর জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এ সময় শ্রমিকেরা উচ্ছেদকারীদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরদিন ট্রাকমালিকেরা নিজেরাই সড়ক থেকে ট্রাক সরিয়ে নেন। গত বছরের ১০ ডিসেম্বর ডিএনসিসি এই সড়ক পার্কিংমুক্ত ঘোষণা করে।
সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ ট্রাকস্ট্যান্ডের কারণে এই সড়ক ছিল যাত্রীদের জন্য বিভীষিকার মতো। অবৈধ পার্কিং ও যানজটের কারণে প্রায় এক কিলোমিটার সড়কটি পেরোতে ঘণ্টা খানেক লেগে যেত। এখন ৫ মিনিটেই সড়কটি পেরোতে পারছেন লোকজন।
গতকাল দেখা যায়, সড়কটির উন্নয়ন ও সৌন্দর্য বাড়ানোর কাজ করেছে ডিএনসিসি। সৌন্দর্য বাড়াতে বিভাজকে কয়েক ফুট দূরত্বে গাছ ও লোহার গ্রিল লাগানো হয়েছে, সড়কের দুপাশে অবস্থিত স্থাপনাগুলোর দেয়াল পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ফুটপাত সংস্কার করা হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) স্থাপিত আরবান ল্যাব পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, রাজধানীর এই নয়টি জায়গাকে পার্কিংমুক্ত রাখতে পারলে বছরে আর্থিক সাশ্রয় হবে এক হাজার কোটি টাকার বেশি। যানবাহনের জ্বালানি সাশ্রয় ও যানজটের কারণে মানুষের যে কর্মঘণ্টা নষ্ট হয়, সেই হিসাবে এই গবেষণা করা হয়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে কল্যাণপুর-গাবতলী হয়ে আমিনবাজার পর্যন্ত সড়ক অবৈধ পার্কিংমুক্ত ঘোষণা করেন মেয়র আনিসুল হক। আগে টেকনিক্যাল মোড় থেকে গাবতলী টার্মিনাল পর্যন্ত সড়কের এক পাশ দূরপাল্লার বাস পার্ক করে রাখা হতো। গতকাল টার্মিনালের সামনে দূরপাল্লার কোনো বাস দাঁড় করিয়ে রাখতে দেখা যায়নি। ডিএমপির পক্ষ থেকে কিছুদূর পরপর ‘গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষেধ’ লেখা নির্দেশিকা রাখা হয়েছে।
তবে কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত সড়কের দুই পাশে ১০-১২টি সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রলপাম্প আছে। জ্বালানি নিতে অসংখ্য যানবাহন সারি ধরে দাঁড়িয়ে থাকায় টেকনিক্যাল মোড় থেকে আমিনবাজার সেতু পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ছে।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের কাউন্সিলর, পুলিশের ট্রাফিক বিভাগ ও যানবাহনমালিকদের উদ্যোগে সড়কগুলো পার্কিংমুক্ত করা হয়েছিল। সময়ের পরিক্রমায় তা শিথিল হয়ে আসছে। পার্কিংমুক্ত রাখতে পুলিশের সঙ্গে সভা করা হচ্ছে, বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে।