জয়কালী মন্দির রোডে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় এলাকা থেকে গুলিস্তান পার্কে যাওয়ার সড়কটি অনেক দিন ধরেই বেহাল। গত পরশু থেকে জয়কালী মন্দির রোডে কিছু রাস্তায় মেরামতকাজ শুরু হলেও গুলিস্তান পার্কের কাছের ব্যস্ত সড়কটি এর বাইরে রাখা হয়েছে।
ওই এলাকায় চলাচলকারী যানবাহনের চালক, পথচারী এবং স্থানীয় দোকানিদের মতে, গুলিস্তান পার্কের সামনের সড়ক মেরামত না করলে এলাকায় যানজট ও ঘন ঘন দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে না।
মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের উত্তর পাশে গুলিস্তান পার্কের সামনের সড়ক। ওই সড়কে ইস্পাতের বিভাজক দেওয়া হয়েছে। দুপাশেই সড়কটিতে বড় বড় গর্ত। গুলিস্তানের দিক থেকে আসছিল বিহঙ্গ পরিবহনের একটি বাস। গর্তে চাকা পড়তেই মনে হচ্ছিল, এই বুঝি পড়ে যাচ্ছে। অন্য পাড়ের বিশাল গর্তে শিকড় পরিবহনের একটি বাসও পড়তে পড়তে বেঁচে গেল। পরপর যাচ্ছিল শ্যামলী, মালঞ্চ, খাজা বাবা, বোরাক, আনন্দ পরিবহনের বাস। যানজটও বাধছে। বিভাজকের এক পাড়ের এক বাসচালক অপর পাড়ের বাসচালককে বলছেন, ‘সীমানা ভাইঙ্গা তর গাড়ির উপ্রে পড়লে তারপর রাস্তা ঠিক করব রে।’ খানিক পরেই একটি মোটরসাইকেল পড়ে গেল গর্তে। চালক ছাড়াও বসে ছিলেন দুজন।
চায়ের এক দোকানি মনসুর মিয়া বললেন, মাঝে মাঝেই রিকশা, অটোরিকশা রাস্তার গর্তে উল্টে পড়ে আর যাত্রীরা হাত-পা ভাঙেন। এ ছাড়া সন্ধ্যার পর এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। খারাপ রাস্তার জন্য রিকশা, অটোরিকশা আস্তে আস্তে চলতে থাকলে ছিনতাইকারীদের সুবিধা হয়।
জয়কালী মন্দিরের দিক থেকে আসা এক বাসচালক বললেন, ‘সেখানে রাস্তার মেরামতকাজের কারণে জ্যাম। সব রাস্তা একসঙ্গে মেরামত অইলে আর জ্যাম থাকব না।’ রিকশার এক আরোহী মন্তব্য করলেন, ‘একসঙ্গে রাস্তা মেরামত করলে সবার সুবিধা। কিন্তু যারা করবে তাদের ক্ষতি। এক কাজ বারবার করতে পারবে।’
বাসচালকের কথার সূত্র ধরে জয়কালী মন্দির রোডে গিয়ে দেখা যায়, সেখানে সিএনজি স্টেশনের পেছনের ফটকের কাছে রাস্তার ওপর জড়ো করা পাথর আর ইটের টুকরা। ভূমি কার্যালয়ের সামনে সড়কের গর্তে খোয়া ও ইট ফেলা হচ্ছে। শ্রমিকদের সামনে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ যানবাহন নিয়ন্ত্রণ করছে। সড়ক সংকুচিত হয়ে পড়ায় যানবাহনের ভিড়। ঘটনাস্থলে উপস্থিত এলাকার ফকিরবানু ভবনের বাসিন্দা আইয়ুব আলী বলেন, এলাকার কোথাও যানজট না হলেও এখানে হবেই। এলাকার প্রধান সড়ক মেরামত করার পর সায়েদাবাদ ও গুলিস্তানের দিক থেকে দ্রুত বেগে আসা যানবাহন দেড় শ গজের এই জায়গায় এসে আটকে থাকে। গভীর রাতেও এখানে যানজট দেখা যায়। তাঁর মতো এলাকার আরও কয়েকজনের মতে, এখানে ভূমি কার্যালয়ে জমি-সংক্রান্ত কাজে প্রতিদিন শত শত মানুষ আসে। রাস্তার কারণে তাদের অনেক দিন ধরে ভোগান্তিতে পড়তে হয়েছে। মেরামত হলে তাঁরা হাঁফ ছেড়ে বাঁচবেন। তবে গুলিস্তান সড়ক মেরামত না হলে এই সড়কের পুরো সুফল পাওয়া যাবে না।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫ নম্বর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. বোরহানউদ্দিন বলেন, পর্যায়ক্রমে আশপাশের সব সড়ক মেরামত করা হবে।
তবে নগর ভবনে প্রধান প্রকৌশলীর কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, উড়ালসড়কের নিচের রাস্তা মেরামত হচ্ছে ২২ কোটি টাকায়, বিশেষ প্রকল্পের অধীনে। বাকি সড়ক মেরামত হচ্ছে সাধারণ প্রকল্পের অধীনে। তাই মেরামতে দেরি হতে পারে।