কলাপাড়ায় পাঁচজন গুলিবিদ্ধ, এক প্রার্থীর নির্বাচন বর্জন
কোথাও শান্তিপূর্ণ, কোথাও প্রকাশ্যে সিল
রাখি নাজির। সমাজবিজ্ঞান বিষয়ে সম্মান শ্রেণিতে পড়াশোনা করছেন। নতুন ভোটার হিসেবে ভোট দিয়ে কিছুটা উত্তেজিত। কথা প্রসঙ্গে বলেন, ‘এবার প্রথম ভোট দিলাম। তা-ও বাবার টিউবওয়েল প্রতীকে ভোট দিয়েছি। আমার মনে হয় বাবা জিতে যাবে।’ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় রাখি, সানজিদাসহ কয়েকজন নতুন ভোটারের সঙ্গে। এ কেন্দ্রে শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। ভোটারদেরও যার যার মতো করে এসে ভোট দিয়ে যেতে দেখা গেল।
তবে উল্টো চিত্র ছিল চাকামইয়া ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে। এই ইউনিয়নের চুঙ্গাপাশা ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে সকাল সাড়ে নয়টার সময় বন্ধুক, দা, সড়কি এবং দেশীয় অস্ত্রসহ ২৫-৩০ জন যুবক অতর্কিতে ঢুকে ব্যালট ছিনতাই করে নৌকা প্রতীকে সিল মারতে থাকে। এ সময় সদস্য পদপ্রার্থী হানিফ হাওলাদার, মামুন শিকদার, আজিজুল হক বুদাইয়ের সমর্থকেরাও কেন্দ্রে ঢুকে ব্যালট ছিনতাই করে পছন্দের প্রতীকে সিল মারতে থাকে।
খবর পেয়ে কয়েকজন প্রার্থীর সমর্থকেরা প্রতিরোধ সৃষ্টি করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং বোমার বিস্ফোরণ ঘটে। সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়ে কেন্দ্রের আসবাব, ব্যালট বাক্স ভাঙচুর করে। কেন্দ্রের দায়িত্বরত পুলিশ পাঁচটি গুলি ছুড়ে। এতে খলিলুর রহমান, মো. শাহজালাল, সাইদুল সিকদার, মিলন ভূঁইয়া এবং ইউপি সদস্য প্রার্থী আজিজুল হক বুদাই গুলিবিদ্ধ হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, ‘হামলাকারীরা সাধারণ সদস্য প্রার্থীর ১০০ ব্যালট পেপার ছিনতাই, তিনটি ব্যালট বাক্স ভাঙচুর, ভোটার তালিকা এবং ভোট দেওয়ার সিল ছিনিয়ে নিয়ে চরম অরাজকতা সৃষ্টি করে। যার ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে ভোটগ্রহণ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।’
পূর্ব চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. মজিবর রহমানের পোলিং এজেন্ট আশরাফুল ফকির এবং মো. রুহুল আমীনকে আহত অবস্থায় দেখা গেল। প্রতিপক্ষের মারধরে এঁদের দুজনের টি-শার্ট ছিঁড়ে গেছে। শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত জখম হয়েছে। আশরাফুল ফকির ও রুহুল আমীন বলেন, ‘আওয়ামী লীগ-মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ছেলে হাসিব ২০-২৫ জন সন্ত্রাসীসহ এসে কেন্দ্র থেকে জোর করে ধানের শীষ প্রতীকের আটজন পোলিং এজেন্টকে বের করে দিয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তার সামনে এ ঘটনা ঘটলেও তাঁরা কোনো ধরনের ব্যবস্থা নেননি।’
প্রিসাইডিং কর্মকর্তা আশরাফ উদ্দিন একটি ব্যালট বই দেখালেন। তিনি বলেন, ৩ নম্বর বুথে কতিপয় সন্ত্রাসী হঠাৎ ঢুকে ব্যালট বইটি ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় সিঁড়ির ওপর ফেলে চলে যায়। বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।
এ কেন্দ্রের ২ নম্বর পুরুষ বুথে গিয়ে দেখা যায়, কয়েকজন যুবক পোলিং কর্মকর্তার টেবিলের ওপর ব্যালট বই রেখে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারছে। এ বুথের পোলিং কর্মকর্তা ইতি হালদারকে ভীত অবস্থায় চেয়ারে বসে থাকতে দেখা যায়। সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে ওই যুবকেরা কিছুক্ষণের মধ্যে সটকে পড়ে। ইতি হালদারের কাছে জানতে চাইলে বলেন, ‘আমরা অসহায়। চুপ করে বসে থাকা ছাড়া আমাদের কী করার আছে বলেন।’
চাকামইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থী মো. আমীর হোসেন এবং মো. মোজাম্মেল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তোফাজ্জেল হোসেন, আরিফ, ফরিদ উদ্দিন, নাসির হাওলাদার, ইয়াকিন, আবদুল মালেক, হাবিবুর রহমান গুরুতর আহত হন।
এদিকে টিয়াখালী ইউনিয়নের বিএনপি-মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী আক্কাস উদ্দিন ভোটকেন্দ্রে অনিয়ম, এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট প্রদানসহ কতিপয় অভিযোগ এনে বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করার ঘোষণা দেন। গাজী আক্কাস উদ্দিন অভিযোগ করেন, ‘দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশের সামনে টেবিলের ওপর ব্যালট বই রেখে নৌকা প্রতীকে সিল মারা হয়েছে। এসব বিষয় নির্বাহী হাকিম, রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন কর্মকর্তাকে জানালেও কোনো প্রতিকার পাইনি। তা ছাড়া একটি কেন্দ্র ছাড়া বাকি আটটি কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তাই আমরা এটাকে নির্বাচন বলতে পারি না।’
নীলগঞ্জ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান শহীদ মাতুব্বর বলেন মোস্তফাপুর, উমেদপুর, আমিরাবাদ এবং ফরিদগঞ্জ কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তা ছাড়া ভোট শুরু হওয়ার পর থেকে জাল ভোট, নৌকা প্রতীক দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে।