কোথায় কখন ঈদের জামাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ঘুম ভাঙলেই ঈদ। দলে দলে মানুষ সমবেত হবেন ঈদগাহ ও মসজিদে। আদায় করবেন পবিত্র ঈদুল আজহার নামাজ। পরে পশু কোরবানি দিয়ে পালন করবেন মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব।
পাঁচ মহানগরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক, এবার কোথায় কখন হবে জামাত। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশালে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা সেখানে নামাজ আদায় করবেন। জামে বায়তুল মোকাররম মসজিদ ও পুলিশ লাইনস মাঠে আটটা ও নয়টায় দুটি করে জামাত হবে। জামে কশাই মসজিদ ও জামে এবায়েদুল্লাহ মসজিদে জামাত হবে আটটা ও সাড়ে নয়টায়।
এ ছাড়া বরিশালে সাড়ে সাতটা ও সাড়ে আটটায় জামাত হবে সদর রোড জামে বায়তুল মোকাররম মসজিদ ও পুলিশ লাইন জামে মসজিদে। নূরিয়া স্কুল ঈদগাহ ময়দানে জামাত হবে সাতটা ও আটটায়। আঞ্জুমান হেমায়েত ইসলাম গোরস্থান ঈদগাহ ময়দান, ফকিরবাড়ি জামে মসজিদ, পোর্ট রোড জামে মসজিদ, ল কলেজ জামে মসজিদ ও ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে আটটা এবং জেল গেট জামে মসজিদে সকাল সাতটায় জামাত অনুষ্ঠিত হবে।
রাজশাহীতে প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল আটটায়। একই সময়ে দ্বিতীয় প্রধান জামাত হবে মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে। এ ছাড়া সাহেব বাজার বড় রাস্তায় সোয়া আটটায়, তেরখাদিয়ায় অবস্থিত শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সোয়া আটটা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে আটটা, শিরোইল সরকারি হাইস্কুল ঈদগাহ মাঠে আটটা, হাজি লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে আটটা, বুলনপুর ঈদগাহ মাঠে সাড়ে আটটা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সাড়ে সাতটা এবং রাজশাহী জজ কোর্ট ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায় হবে ঈদের জামাত।
সিলেটে সবচেয়ে বড় জামাত হবে শাহি ঈদগাহ ময়দানে সকাল আটটায়। এ ছাড়া হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে আটটায় জামাত হবে। বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ জামে মসজিদে জামাত হবে তিনটি—সাড়ে সাতটা, সাড়ে আটটা ও সাড়ে নয়টায়।
খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে খুলনা সার্কিট হাউস ময়দানে আটটায়। দ্বিতীয় প্রধান জামাত হবে নয়টায় খুলনা টাউন জামে মসজিদে। এ ছাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দান, লায়ন্স স্কুল ঈদগাহ মাঠ ও খালিশপুর ঈদগাহ ময়দানে আটটায়। খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন-নূর জামে মসজিদ কমপ্লেক্সে আটটা ও নয়টায়, কোর্ট জামে মসজিদে সাড়ে আটটায়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কেন্দ্রীয় জামে মসজিদে আটটায় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাতটায় ঈদের জামাত হবে।
রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল নয়টায়। এ ছাড়া পুলিশ লাইন মাঠ সাড়ে আটটায়, মুন্সিপাড়া কবরস্থান ঈদগাহ মাঠে নয়টা, শালবন বড় মাঠে নয়টা, কেরামতিয়া জামে মসজিদে সাড়ে নয়টা, মণ্ডলপাড়া বড় ঈদগাহ মাঠে সাড়ে নয়টা, সদর উপজেলা মাঠে নয়টা এবং দামোদুরপুর বড় মাঠে সকাল সাড়ে নয়টায় জামাত হবে।
[তথ্য দিয়ে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও রংপুর, বরিশাল ও খুলনা অফিস, সিলেট প্রতিনিধি।]