কোথায় কখন ঈদের জামাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কাল মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় এ উৎসবে রাজধানীর মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ঈদগাহ, খেলার মাঠ ও মসজিদে ঈদের জামাত আদায়ের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
গতকাল রোববার জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। এখানে সুশৃঙ্খলভাবে নামাজ আদায়ের জন্য সার্বিক নিরাপত্তাসহ সব প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হচ্ছে। আবহাওয়া প্রতিকূল হলে ঈদের এ প্রধান জামাত সকাল সাড়ে আটটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
সাঈদ খোকন বলেন, জাতীয় ঈদগাহে ৫ হাজার নারীসহ ৮৯ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে বসার জায়গা, অজু ও মোবাইল টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে। বিদেশি মুসলিম রাষ্ট্রের কূটনীতিকদের জন্যও জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, জাতীয় ঈদগাহসহ রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় ঈদের চার শতাধিক জামাতের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৪৯টি এবং উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৮০টি জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায়, তৃতীয় জামাত সকাল নয়টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মুসল্লিদের সুবিধার্থে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যাপ্ত পানি ও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে সাতটায় ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল আটটায় ও নয়টায় ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল প্রধান ফটকসংলগ্ন মাঠ এবং শহীদুল্লাহ হল লনে সকাল আটটায় পৃথক আরও দুটি জামাত অনুষ্ঠিত হবে।
ধানমন্ডি সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় ও কলাবাগান বশিরউদ্দীন রোড জামে মসজিদে সকাল আটটায় জামাত অনুষ্ঠিত হবে। হাজারীবাগ পার্ক মাঠে সকাল পৌনে সাতটায় প্রথম জামাত ও পৌনে আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে৷ গণকটুলি ঈদগাহে প্রথম জামাত সকাল সাড়ে সাতটায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে৷ উত্তর-পূর্ব মুগদা মদিনাবাগ কেন্দ্রীয় শাহি জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় ও রসুলবাগ জামে মসজিদ দক্ষিণ মুগদা ব্যাংক কলোনিতে সকাল সাতটায় ও আটটায় জামাত হবে৷
টিকাটুলি ফকিরবানু আল ফালাহ জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় ও পল্লীমা সংসদ ময়দানে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত হবে৷ কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে সাতটায়, সকাল সাড়ে আটটায় ও সকাল সোয়া নয়টায় তিনটি জামাত হবে৷ পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় জামাত হবে৷ একই সময়ে পল্লবী ৬ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ, নয়াপল্টন জামে মসজিদ, মিরপুর ১২ নম্বর সেকশনের এ ব্লকের হারুন মোল্লাহ ঈদগাহ পার্ক ও খেলার মাঠ, সায়েদাবাদে চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ, গেন্ডারিয়া ধূপখোলা মাঠসংলগ্ন গেন্ডারিয়া কমিউনিটি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হবে৷
নীলক্ষেতের মরিয়ম বিবি শাহি মসজিদে সকাল ৮টায় ও ১০টায় পৃথক দুটি জামাত হবে৷ কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাতটায় ও সাড়ে আটটায় দুটি জামাত হবে৷ ফার্মগেটের মসজিদ বায়তুশ শরফে সকাল আটটায় জামাত অনুষ্ঠিত হবে৷
কারওয়ান বাজারের আম্বর শাহ শাহি মসজিদে সকাল সাড়ে সাতটায়, মগবাজার বিটিসিএল কলোনি জামে মসজিদে সকাল আটটায়, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহে সকাল সাতটায় ও পৌনে আটটায় জামাত অনুষ্ঠিত হবে৷ ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল আটটায়, দারুস সালামের মীরবাড়ী আদি (মাদবরবাড়ি) জামে মসজিদে সকাল সাতটায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সকাল পৌনে সাতটায় জামাত হবে।